ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শহীদ মিনারে বসে সাপ্তাহিক হাট

শহীদ মিনারে বসে সাপ্তাহিক হাট
×

কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে বৃহস্পতিবার সাপ্তাহিক হাট সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৩৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৫

| প্রিন্ট সংস্করণ

ভাষাশহীদদের আত্মত্যাগের অমলিন স্মারক শহীদ মিনার। মাতৃভাষা ও বাঙালি জাতীয় চেতনার প্রতীক এই পবিত্র স্থান। অথচ কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারের শহীদ মিনার প্রাঙ্গণ প্রতি বৃহস্পতিবার পরিণত হচ্ছে সাপ্তাহিক হাটে।

সরেজমিন দেখা গেছে, শহীদ মিনারের সিঁড়ি, বেদি ও আশপাশ জুড়ে স্তূপ করে রাখা হয়েছে বাঁধাকপি, লাউ, কুমড়া, শাকসবজি ও বিভিন্ন কৃষিপণ্য। বস্তা নামানো-তোলা, ওজন মাপা, দরদাম আর কোলাহলে মুখর পুরো প্রাঙ্গণ। বাজার শেষে পড়ে থাকে ময়লা-আবর্জনা, যা শহীদ মিনারের নান্দনিকতা ও মর্যাদাকে ক্ষুণ্ন করছে।
অনেকে জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠছেন। স্থানীয়দের মতে, এটি শহীদদের প্রতি অশ্রদ্ধা। যে স্থানে শহীদরা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, সেখানে জুতা পরে ওঠা ও বাজার বসানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অভিযোগ রয়েছে, প্রতিবছর ২১ ফেব্রুয়ারির আগের দিন নামমাত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়। একুশে ফেব্রুয়ারি এলে ফুলের তোড়া, শ্রদ্ধার বক্তব্য, আলোকচিত্র সবই থাকে। কিন্তু বছরের বাকি সময় পড়ে থাকে অবহেলা, অযত্ন আর বাজারের দখলে।

ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরেই বৃহস্পতিবার এখানে হাট বসে। নির্দিষ্ট বাজারের জায়গা সংকুচিত হওয়ায় বাধ্য হয়ে তারা মিনারের আশপাশে বসেন। তবে প্রশাসন বিকল্প স্থান নির্ধারণ করলে তারা সরে যেতে প্রস্তুত। নাজিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মিজানুর রহমানের ভাষ্য, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হবে।
কলমাকান্দা ইউএনও মাসুদুর রহমান বলেন, ‘কয়েক মাস হলো দায়িত্ব নিয়েছি। সম্মানিত জায়গায় বাজার বসানোর বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

আরও পড়ুন

×