ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দুদিনের ব্যবধানে বাবা-মায়ের মৃত্যু, হাতকড়া পরে জানাজায় দুই ভাই

দুদিনের ব্যবধানে বাবা-মায়ের মৃত্যু, হাতকড়া পরে জানাজায় দুই ভাই
×

মায়ের জানাজায় অংশ নেওয়া দুই ছেলে। ফাইল ছবি

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:০২

কক্সবাজারের রামুতে দুই দিনের ব্যবধানে বাবা-মাকে হারিয়েছেন কারাগারে থাকা সহোদর ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল। শনিবার মায়ের মৃত্যুর পর সোমবার সন্ধ্যায় তাদের বাবা মারা যান। কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই জানাজা ও দাফনে অংশ নেন তারা। 

সোমবার বার্ধক্যজনিত কারণে মারা যান ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইলের বাবা নূর আহমদ (৯০)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন মাঠে নূর আহমদের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় প্যারোলে মুক্তি পেয়ে জানাজা ও দাফনকাজে অংশ নেন ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল।

এর আগে গত শনিবার দুপুরে একই স্থানে তাদের মা মোস্তফা বেগমের (৮০) জানাজা অনুষ্ঠিত হয়। তখনও প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনকাজে অংশ নিয়েছিলেন ফরিদুল ও ইসমাইল। তাদের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে। প্রায় আড়াই মাস ধরে তারা কক্সবাজার কারাগারে রয়েছেন। 

স্বজনদের দাবি, দুই ভাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন– এমন অভিযোগে তাদের রাজনৈতিক মামলায় হয়রানি করা হচ্ছে। 

ইসমাইলের স্ত্রী কুলছুমা বেগম বলেন, ‘আমার স্বামী নির্দোষ। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর স্বামী ও তাঁর ভাইকে মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানো হচ্ছে।’

রামু থানার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রাজা মিয়া জানান, ফরিদুল আলম দীর্ঘদিন ধরে পোলট্রি ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়ভাবে তিনি ফার্ম ফরিদ নামে পরিচিত। ফরিদুল আলম ও তাঁর ভাই মো. ইসমাইল কখনও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এমনকি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সহযোগী কোনো সংগঠনের কমিটিতে তাদের নাম নেই। তাদের ষড়যন্ত্র করে রাজনৈতিক মামলায় জড়ানো হয়েছে।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বাবা-মায়ের জানাজায় দুই ভাইকে কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন

×