ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাদক নিরাময় কেন্দ্রে যুবককে নির্যাতনে মামলা, ৫ আসামি কারাগারে

মাদক নিরাময় কেন্দ্রে যুবককে নির্যাতনে মামলা, ৫ আসামি কারাগারে
×

ছবি : সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:২৭

গাইবান্ধায় জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে মানসিক ভারসাম্যহীন যুবককে মারধর ও নির্যাতন মামলার ৫ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান এ আদেশ দেন। 

কারাগারে যাওয়া আসামিরা হলেন– জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর বাঁধন, লাবিব, শিহাব, আতিফ ও তালহা।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর আমলি আদালতের উপপরিদর্শক আজিজুল ইসলাম।

তিনি বলেন, বেলা ১১টার দিকে সদর আমলি আদালতে আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মনজুরুল করিম সোহেল ও আবদুর রশিদ। সাড়ে ১১টার দিকে আবেদনের ওপর শুনানি হয়। এ সময় বাদীপক্ষের আইনজীবী কাজী আমিরুল ইসলাম ফকু জামিনের বিরোধিতা করেন।

আইনজীবী আমিরুল ইসলাম ফকু বলেন, শুনানি শেষে বিচারক আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে। বিচারকের আদেশ অনুযায়ী তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা থেকে জানা গেছে, মুর্শিদ হক্কানী মানসিক ভারসাম্যহীন। গত বছরের ২৮ আগস্ট শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে গাইবান্ধা শহরের ভি-এইড রোডের  গণ উন্নয়ন কেন্দ্রে (জিইউকে) ভর্তি করা হয়। সেখানে তাঁকে একটি ঘরে আটকে রেখে মুখে কাপড় গুঁজে রড দিয়ে হাত, পিঠ, ঊরু, হাঁটুতে বেধড়ক মারধর করা হতো। এক পর্যায়ে দুইপা রশি দিয়ে বেঁধে উল্টো করে গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

মারধরের পর এসব কথা স্বজনদের না জানানোর জন্য হুমকি দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে তাঁর বড় ভাই আওরঙ্গ হক্কানী বাদী হয়ে গত ১৪ ফেব্রুয়ারি সদর থানায় লিখিত অভিযোগ করেন। সাত দিন পর ২১ ফেব্রুয়ারি মামলাটি রেকর্ড হয়।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন

×