ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শহীদ আবু সাঈদ হত্যায় জড়িতদের বিচারের দাবি

শহীদ আবু সাঈদ হত্যায় জড়িতদের বিচারের দাবি
×

বেরোবি প্রতিনিধি 

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪৬

| প্রিন্ট সংস্করণ

​জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। ‎​বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়। সেখানে শহীদ আবু সাঈদের সহপাঠী, ভাই ও বোন খুনিদের দ্রুত বিচারের দাবি জানান।
শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেন, ‘জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার এখনও আলোর মুখ দেখেনি। পুলিশের তৎকালীন এসি ইমরান এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তাঁকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে, চার্জশিটে তাঁর নাম যুক্ত করা হয়নি। তাঁকে কী কারণে বাদ দেওয়া হলো? শহীদ আবু সাঈদের সহযোদ্ধারা আগেও ন্যায়বিচারের দাবিতে অনেক মানববন্ধন করেছেন, কিন্তু রায় পাওয়া যায়নি। আমরা চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মাধ্যমে দ্রুত বিচার কার্যকর করা হোক।’

শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘আমরা আবু সাঈদ হত্যা মামলার বিচারের ক্ষেত্রে কোনো দীর্ঘসূত্রতা চাই না। আবু সাঈদের সহযোদ্ধা ও সহপাঠীরা চাতক পাখির মতো এই বিচারের প্রতীক্ষায় আছে। আপনারা জানেন, এ মামলার কয়েকজন পুলিশ সদস্যকে আদালত অব্যাহতি দিয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।’
​শিক্ষার্থী রহমত আলী বলেন, ‘জুলাইয়ের শহীদদের রক্তের ওপর নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। অথচ এখনও তাঁর বিচারের দাবিতে আমাদের রাজপথে দাঁড়াতে হচ্ছে, যা লজ্জাজনক। আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়েই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু আমাদের প্রধান দাবি ছিল আবু সাঈদের বিচার, যা এখনও সম্পন্ন হয়নি। আমরা অতি দ্রুত এ বিচার প্রক্রিয়ার সমাপ্তি চাই।”

আরও পড়ুন

×