মতলবে চাঁদার দাবিতে বিয়েবাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা
ফাইল ছবি
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৩৩
চাঁদার দাবিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি বিয়েবাড়িতে স্থানীয় কিশোর গ্যাং হামলা চালিয়েছে। এ সময় তিনজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় এ ঘটনা ঘটে।
এতে বরের বাবা, ভাই ও জ্যাঠা আহত হয়েছেন। তারা হলেন– ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও বৃজন রানী (৪৫)। ভুক্তভোগীরা জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা করবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবুলাল বিশ্বাসের ছেলে সেম্বুনাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পাশের এলাকার নবীর হোসেনের ছেলে মোহনের (২৫) নেতৃত্বে আল আমিনের ছেলে আরমান (১৮), বারেক বকাউলের ছেলে (বয়স ১৬ হওয়ায় নাম প্রকাশ করা হচ্ছে না), জিসানসহ (১৮) কয়েকজন অনুষ্ঠানে আসে। প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তারা ৩০ হাজার টাকায় নেমে আসে। পরিস্থিতি সামাল দিতে আয়োজক পক্ষ তিন হাজার টাকা দিলেও তারা তাতে সন্তুষ্ট হয়নি। এক পর্যায়ে তারা হামলা চালিয়ে বরের বাবা বাবুলাল বিশ্বাস ও ভাই ত্রিনাদ বিশ্বাসকে মারধর করে। টেবিল-চেয়ার ভাঙচুর করে। আশপাশের বাড়িঘরে হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
আহত ত্রিনাথ বিশ্বাস বলেন, ‘আমরা প্রবাসে থাকি। ভাইয়ের বিয়েতে দেশে এসেছি। বৃহস্পতিবার রাতে বাড়িতে অনুষ্ঠান চলছিল। আমরা ক্যারম খেলছিলাম। তখন কিশোর গ্যাং এসে হামলা চালায়। আমার গলার স্বর্ণের চেইন এবং ছোট ভাইয়ের গলার চেইন ছিনিয়ে নেয়। হামলায় আমার মাথা ফেটেছে।’
স্থানীয় বাসিন্দা রঘুনাথ বিশ্বাস ও জীবনকৃষ্ণ সরকার বলেন, ‘বিয়েবাড়িতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় আমরা আতঙ্কে আছি। প্রশাসনের কাছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম মোল্লা বলেন, ঘটনার সময় আমরা তারাবির নামাজে ছিলাম। খবর পেয়ে পুলিশকে জানাই। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি পরে ঘটনাস্থলে গিয়েছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- চাঁদপুর
- কিশোর গ্যাং
- চাঁদা
