ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পদ্মা নদীতে অবৈধ বালু তোলাকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলি

পদ্মা নদীতে অবৈধ বালু তোলাকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলি
×

পদ্মা নদীতে অবৈধ বালু তোলাকে কেন্দ্র করে কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজ-সংলগ্ন পুরাতন ফেরিঘাট এলাকায় গত রোববার গভীর রাতে একটি ড্রাম ট্রাক আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা সমকাল

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৭:৫৫

| প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলি ও   অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার বাহিরচর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট হার্ডিঞ্জ ব্রিজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধ বালু তোলায় দেশের সর্ববৃহৎ রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ ও রূপপুর পারমাণবিক প্রকল্প ঝুঁকির মুখে রয়েছে।  এলাকাবাসীর ভাষ্য, পদ্মা নদীতে অবৈধ ফিলিং বালু উত্তোলনকে কেন্দ্র করে উপজেলার বাহিরচর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গত রোববার গভীর রাতে একটি পক্ষ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলছিল। বিষয়টি জেনে অন্য পক্ষ স্পিডবোটযোগে সেখানে আসে। এ সময় তারা ২০-২৫  রাউন্ড গুলি করে। তারা দুজন বালু ব্যবসায়ীর অফিস, একটি ডাম্প ট্রাক পুড়িয়ে দেয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। রাতে গোলাগুলির ঘটনা সত্ত্বেও এখনও নদী থেকে অবৈধ বালু উত্তোলন পুরোদমে চলছে। 
বালু ব্যবসায়ী শহিদুল প্রামাণিক জানান, গোলাগুলির পর দুর্বৃত্তরা তাঁর অফিসে আগুন দেয়। এ সময় দুর্বৃত্তরা কয়েকটি গাড়িও ভাঙচুর করে। 

পুড়ে যাওয়া ট্রাকের মালিক পাকশীর বাসিন্দা মাজিদুল হক জানান, তাঁর গাড়িটি মাঝেমধ্যেই এখানে বালুর খ্যাপ (ট্রিপ) মারত। গাড়িতে আগুন দেওয়ায় তাঁর প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহার বলেন, পদ্মা নদীর যে স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলিত হচ্ছে, ঠিক তার ৪০০ মিটারের মধ্যে হার্ডিঞ্জ ব্রিজ, রূপপুর পারমাণবিক কেন্দ্র এবং পাশেই  পাবনা-কুষ্টিয়া মহাসড়ক রয়েছে। অবৈধভাবে বালু তোলার ফলে এই অঞ্চলে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। তিনি জানান, পদ্মা নদীতে অবৈধভাবে বালু তোলা বন্ধে গত রোববারও সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকজনকে জেল ও জরিমানা করা হয়। রাতে সেখানে আবার বালু উত্তোলন শুরু হলে গোলাগুলির ঘটনা ঘটে।

আরও পড়ুন

×