ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁদা না দেওয়ায় শিক্ষকের ওপর হামলার অভিযোগ

চাঁদা না দেওয়ায় শিক্ষকের ওপর হামলার অভিযোগ
×

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

সাবেক ছাত্রদল নেতা ও তাঁর সহযোগীদের চাঁদা না দেওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন সরকারকে মারধর করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ছেলে আব্দুল্লাহ সরকার অভি জানান, তাঁর বাবাকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। টাকা না দিলে হামলার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে তাঁর বাবা কামাল হোসেন সরকার ঝাউকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছেড়ে উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে যান।
গত শুক্রবার পূর্বকান্দি এলাকার একটি বিয়ের অনুষ্ঠান থেকে ঝাউকান্দি নিজ বাড়িতে ফিরছিলেন কামাল হোসেন সরকার। রাত ৮টার দিকে পূর্বকান্দি সড়কে পৌঁছালে সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, তাঁর ভাই দেলোয়ার হোসেন, সাদ্দাম হোসেন ও তাদের সহযোগী মিজান মিয়া, সুজন মিয়াসহ সাত-আটজন মিলে তাঁর ওপর হামলা করে। মারধরে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে গতকাল শনিবার ভোরে মদনপুর আলবারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে স্বজনরা জানান, শিক্ষক কামাল হোসেন এখনও শঙ্কামুক্ত না।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। আব্দুল্লাহ সরকার অভি অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় তাঁর বাবার ওপর হামলা করেছে চক্রটি। বাবার চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় অভিযোগ দিতে দেরি হচ্ছে বলে জানান তিনি।

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তাঁর ভাষ্য, ২০০৯ সালের ১৭ ডিসেম্বর পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় কামাল মাস্টারের নেতৃত্বে তাঁর সহযোগীরা তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। তাঁর বাবা কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক সদস্য মোস্তফা মিয়াকে পিটিয়ে আহত করে। এই ঘটনায় থানায় মামলা করতে গেলে কামাল মাস্টার আওয়ামী লীগের দাপট দেখিয়ে থানায় মামলা নিতে দেননি। গত শুক্রবার রাতে পূর্বকান্দি এলাকায় রাস্তার মাঝে কামাল মাস্টারের সঙ্গে দেখা হলে ওই বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে অভি বলেন, তাঁর বাবার ওপর হামলার ঘটনাটি ভিন্ন খাতে নিতে সাইফুল অপপ্রচার চালাচ্ছেন। তাঁর পরিবারের বিরুদ্ধে সাইফুলের বাবার ওপর আগে হামলার অভিযোগ সঠিক নয়।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×