ছাত্রদলের ইফতারে প্রক্টরের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যবহার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের গণইফতারে খাবার আনা-নেওয়ায় ব্যবহার করা হচ্ছে প্রক্টরের গাড়ি। ছবি: সমকাল
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১১:৩০
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গণইফতার মাহফিলে পরিবহনের জন্য বিশ্ববিদ্যালয় প্রক্টরের মাইক্রোবাস ও মেডিকেল সেন্টারের অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে।
গতকাল রোববার বিকেল ৩টা থেকে ছাত্রদলের ইফতার কার্যক্রমের জন্য বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করতে দেখা যায়। তবে এ বিষয়ে অবগত না থাকার দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বেরোবি পরিবহন পুলের পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা বলেন, ‘অ্যাম্বুলেন্স পরিবহন দপ্তরের অধীনে না। এটি মেডিকেল সেন্টারের অধীনে। অ্যাম্বুলেন্স আমরা দেখি না। আপনি ডা. শাহরিয়ারের (বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান) কাছে জানতে পারেন।’
বেরোবি প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান বলেন, ‘এভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। আমি অফিসে আছি আর আমি অনুমতি দিইনি, বিষয়টি দেখতেছি।’ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের অফিস প্রধান ডা. এ এম এম শাহরিয়ার বলেন, আমাকে এ বিষয়ে কেউ কিছু জানায়নি।
বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন বলেন, প্রক্টরের মাইক্রোবাস ও মেডিকেল সেন্টারের অ্যাম্বুলেন্স ব্যবহারে বিষয়ে তিনি কিছু জানেন না। দলের ছোট ভাইয়েরা জানেন। তিনি খোঁজখবর নিয়ে এ বিষয়ে বলতে পারবেন।
- বিষয় :
- বেরোবি
