যশোরে ৩ কিশোর হত্যা: কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিটি
যশোর অফিস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২০ | ১১:৩৭
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি তিন কিশোর হত্যায় এখানকার কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে সমাজসেবা অধিদপ্তরের তদন্ত কমিটি। দুই সদস্যের এ কমিটির তদন্ত প্রতিবেদন যে কোনো সময় সমাজসেবা অধিদপ্তর মহাপরিচালকের কাছে জমা দেওয়া হতে পারে। অন্যদিকে, এ ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আরও সাত দিন সময় চেয়ে মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে।
এদিকে হত্যাকাণ্ডে গ্রেপ্তার শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ তিন কর্মকর্তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে তাদের যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা যশোর চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রোকিবুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে বন্দি নির্যাতন ও খুনের ব্যাপারে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এ ব্যাপারে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফের তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। রিমান্ড শেষে কারাগারে পাঠানো তিন কর্মকর্তা হলেন যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশনার অফিসার) মাসুম বিল্লাহ ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর একেএম শাহানুর আলম।
এর আগে রিমান্ডে নেওয়া কেন্দ্রের আরও দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে গত সোমবার কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুক।
গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতনে নিহত হয় তিন কিশোর ও আহত হয় আরও ১৫ জন। এ ঘটনায় পুলিশ ওই কেন্দ্রের পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে তিন দিন সময় দেওয়া হয়েছিল। বুধবার তাদের সময় শেষ হয়েছে।
তবে এই কমিটির প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ আবু লাইছ বলেন, শিশু উন্নয়ন কেন্দ্রের পাঁচ কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু আদালতের কাছ থেকে এখনও আদেশ পাওয়া যায়নি। মূলত সে কারণেই মন্ত্রণালয়ের কাছে বুধবার আরও সাত দিন সময় চাওয়া হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটির প্রধান সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) যুগ্ম সচিব সৈয়দ নূরুল বাসির বলেন, তারা তদন্ত প্রতিবেদন প্রায় চূড়ান্ত করেছেন। তদন্তে তারা কিশোরবন্দি হত্যার সঙ্গে কর্মকর্তাদের সংশ্নিষ্টতার প্রমাণ পেয়েছেন। এ-সংক্রান্ত প্রতিবেদনে কেন্দ্রে বিরাজমান নানা ধরনের অব্যবস্থাপনার বিষয়গুলো তুলে ধরা ছাড়াও তা নিরসনে বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে।
- বিষয় :
- শিশু উন্নয়ন কেন্দ্র
- তিন কিশোর হত্যা
- খুলনা
- যশোর
