ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল মামাতো ভাইয়ের

ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল মামাতো ভাইয়ের
×

প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ১৪:৩৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে আবুল কালাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মাদ কাশেম (৫৫) পলাতক রয়েছেন।

নিহত কালাম ও অভিযুক্ত কাশেম উপজেলার মমরেজপুর গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং পাশাপাশি বাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় সোহাগী বাজার থেকে বাড়ি ফেরার পথে আতকাপাড়া এলাকায় কাশেম হঠাৎ কালামের ওপর হামলা চালান। এর একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন কাশেম। কালামের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×