অনুমতি ছাড়াই বিদ্যালয়ের গাছ কেটে সাবাড়
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ০৯:৪৫
| প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষা কমিটির অনুমতি ছাড়া ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ১২টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।
জানা গেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে গত দুদিন ধরে বিদ্যালয় চত্বরের বড় বড় ১০টি মেহগনি, দুটি চাম্বল গাছ ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্কুল বন্ধ থাকাকালে সাতজন শ্রমিক গাছ কেটে ডালপালা ভাগবাটোয়ারা করে ভ্যানযোগে নিচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন ভ্যান চালকের কাছে জিজ্ঞাসাবাদ করলে চালক স্কুলের মধ্যে ভ্যানে তোলা কাঠ ফেলে রেখে চলে যান।
স্থানীয় মনিরুজ্জামান শিল্পী, মুন্না শাহ ফকির, নাহিদ হাওলাদার, হান্নান তালুকদারসহ একাধিক ব্যক্তি বলেন, বিভিন্ন প্রজাতির গাছ কোনো কারণ ছাড়াই কর্তন করে বিক্রি করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির চাচাতো ভাই সালাহ উদ্দিন টিটু বলেছেন ভিন্ন কথা। তিনি দাবি করেন, বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য গাছগুলো কাটা হয়েছে।
ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, বিদ্যালয়ে কক্ষ সংকটের কারণে উন্নয়ন কাজ চলছে। গাছ কাটার বিষয়ে ম্যানেজিং কমিটির রেজুলেশন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আ ন ম বশির উল্লাহ গোলজার টিটো বলেন, ব্যক্তিস্বার্থে গাছ কাটা হয়নি। বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য গাছ কাটা হয়েছে। গাছগুলো ৪৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। তিনি দাবি করেন, বিদ্যালয়ের পেছনে খাল খননের কারণে গাছগুলো ঝুঁকিপূর্ণ ছিল। গাছ কাটার বিষয়ে ইউএনওকে জানানো হয়েছে বলে জানান তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে তিনি অবহিত নন। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে
জানায়নি। ইউএনও ও শিক্ষা কমিটির সভাপতি হাবিবুল্লাহ বলেন, আমার জানামতে শিক্ষা কমিটির কাছে ওই বিদ্যালয় কর্তৃপক্ষ গাছ কাটার
আবেদন করেনি। বিষয়টি জেনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
- বিষয় :
- গাছ কাটা
