ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায়
×

ছবি: সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ১৮:১৫

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব এবং শিক্ষক-শিক্ষার্থীর ভোগান্তি দুর করতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই লক্ষ্যে শুক্রবার সম্ভাব্যস্থান পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, এই আঞ্চলিক কেন্দ্র স্থাপন বাস্তবায়িত হলে রাজশাহী ও রংপুর বিভাগের লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষকের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত কেন্দ্রটিতে একটি আধুনিক টিচার্স ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এখানে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এতে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের রেজিস্ট্রেশন, ফরম পূরণসহ বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য ঢাকায় যেতে হয়। এতে সময়, অর্থ ও শ্রম- তিন ক্ষেত্রেই ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। নতুন আঞ্চলিক কেন্দ্র চালু হলে এসব কার্যক্রম স্থানীয় পর্যায়েই সম্পন্ন করা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারী অধ্যক্ষ আতিকুর রহমানসহ অনেকে।

আরও পড়ুন

×