নড়াইলে ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগে ট্রাকচালক গ্রেপ্তার
ট্রাকচালক সুজাত আলী
নড়াইল সংবাদদাতা
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ১৮:০১
তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগে ট্রাকচালক সুজাত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর একটি দল। আজ রোববার বিকেলে যশোরের বাঘারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে যশোরের বেনাপোল থেকে ট্রাকটি জব্দ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার দিবাগত রাতে তেল না পেয়ে ট্রাকচালক সুজাত আলী কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার ও তার সহকর্মী জিহাদুল মোল্যাকে পাম্পের অদূরে ট্রাকচাপায় হত্যা করেন বলে অভিযোগ উঠে।
নিহত ম্যানেজারের নাম নাহিদ সরদার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে।
নড়াইল হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী এ নিশ্চিত করে বলেন, যশোর থেকে অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
