সড়ক অবরোধ, মায়ের লাশ নিয়ে ৩ ঘণ্টা অপেক্ষা
অবৈধ পার্কিংবিরোধী অভিযান চালানোর প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অবৈধ পার্কিং বিরোধী অভিযানের প্রতিবাদে প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন রোগী ও সাধারণ মানুষ। এদিকে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকায় এক সন্তানকে তার মায়ের লাশ নিয়ে হাসপাতালের সামনে অসহায়ের মতো তিন ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে।
জানা গেছে, সোমবার দুপুর দেড়টার দিকে হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পার্কিংয়ের দায়ে একটি অ্যাম্বুলেন্সের চালককে জরিমানা করা হয়। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত চালক ও শ্রমিকরা। প্রতিবাদে বেলা ২টা থেকে হাসপাতালের সামনে আড়াআড়িভাবে অ্যাম্বুলেন্স রেখে সড়ক অবরোধ করেন। অবরোধের ফলে নগরের চরপাড়া মোড় থেকে মাসকান্দা এলাকা পর্যন্ত কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এ সময় অ্যাম্বুলেন্স না পেয়ে এক ব্যক্তিকে তার মায়ের লাশ নিয়ে তিন ঘণ্টা আটকে থাকতে দেখা যায়।
অ্যাম্বুলেন্স শ্রমিক সমিতির সাবেক সহসম্পাদক মো. সজীব বলেন, ঈদের আগে থেকেই তাদের ওপর কড়াকড়ি চলছে। হাসপাতালের ভেতরে বা বাইরে কোথাও গাড়ি রাখতে দেওয়া হচ্ছে না। স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা না করা পর্যন্ত অ্যাম্বুলেন্স চালাবেন না তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।
- বিষয় :
- সড়ক অবরোধ
