ক্যামেলিয়ায় বন্ধ চিকিৎসা সেবা, দুর্ভোগে চা শ্রমিকরা
মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল সমকাল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৮:০৫
| প্রিন্ট সংস্করণ
চিকিৎসাধীন এক চা শ্রমিকের সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের পর থেকে বন্ধ রয়েছে ক্যামেলিয়া হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। ২৭ মার্চ ঐশী রবিদাস নামে ৭ম শ্রেণিপড়ুয়া এক চা শ্রমিকের সন্তানের মৃত্যু হয় ডানকান ব্রাদার্স লিমিটেড কোম্পানির অধীনস্থ কমলগঞ্জের শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে। এ ঘটনায় স্থানীয় চা শ্রমিকরা হাসপাতালে হামলা চালায় ও এক চিকিৎসককে পদত্যাগে বাধ্য করে।
জানা যায়, শমশেরনগর চা বাগানের রবিদাস টিলার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে ঐশী রবিদাস মাথাব্যথা নিয়ে গত ২৬ মার্চ রাতে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়। ২৭ মার্চ সকালে তার মৃত্যু হয়। এর পর ভুল চিকিৎসায় ঐশীর মৃত্যুর অভিযোগ তুলে ক্ষুব্ধ চা শ্রমিকরা হাসপাতালে গিয়ে স্টাফদের অবরুদ্ধ করে। এক পর্যায়ে তারা হাসপাতালে ভাঙচুর চালায়। এমন অবস্থায় চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার কথা ভেবে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে হাসপাতাল দেখভালে প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালন করছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল ১৯৯৪ সালে শমশেরনগরের ফাঁড়ি কানিহাটি চা বাগানে স্থাপিত হয়। ডানকান ব্রাদার্সের ১৫টি চা বাগানের লক্ষাধিক চা শ্রমিক এই হাসপাতাল শুরুর পর থেকে অস্ত্রোপচারসহ অত্যাধুনিক চিকিৎসা সুবিধা পেয়ে আসছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটসহ নানা জটিলতায় কয়েক বছর ধরে অস্ত্রোপচার হচ্ছে না। প্রতিদিন বিভিন্ন চা বাগান থেকে রোগীরা হাসপাতালে এসে সেবা গ্রহণ করে। ২৭ মার্চ থেকে চিকিৎসা কার্যক্রম বন্ধ হওয়ায় সাধারণ চা শ্রমিকরা উপজেলা, জেলা হাসপাতালসহ অন্যান্য স্থানে গিয়ে চিকিৎসা নিচ্ছে।
স্থানীয় চা শ্রমিকরা জানান, নিরাপত্তার কথা বলে চিকিৎসকরা হাসপাতাল ত্যাগ করেছেন। এতে শ্রমিকরা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসকদের হাসপাতালে এসে চিকিৎসা কার্যক্রম শুরু করার আহ্বান জানান তারা।
স্থানীয় চা শ্রমিক নেতা সীতারাম বীন বলেন, ক্যামেলিয়া হাসপাতালে দ্রুত চিকিৎসাসেবা শুরু, অতীতের মতো সব ধরনের অপারেশন চালু, ঐশী রবিদাসের মৃত্যুর কারণ তদন্ত, হাসপাতালে সংঘটিত অপ্রীতিকর ঘটনার তদন্তসহ সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ ব্যাপারে শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক ও ডানকান ব্রাদার্সের উপমহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান জানান, বিষয়টি ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে। কর্তৃপক্ষ ঘটনা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, হাসপাতাল খোলা রয়েছে। তবে নিরাপত্তাহীনতায় চিকিৎসকরা উপস্থিত না থাকায় সেবা প্রদান করা যাচ্ছে না। মঙ্গলবার বিকেলে হেড অফিসে এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
- বিষয় :
- চিকিৎসা সেবা
