ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হিসাব থেকে টাকা স্থানান্তর নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

হিসাব থেকে টাকা স্থানান্তর নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
×

 সিলেট ব্যুরো

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৮:০৮

| প্রিন্ট সংস্করণ

নিজের ব্যাংক হিসাব থেকে অনিচ্ছায় অপর একটি ব্যাংকের হিসাবে টাকা স্থানান্তর হয়ে যাচ্ছে ব্যবসায়ীর। এ কারণে ব্যাংকে গচ্ছিত টাকা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন সিলেট নগরীর এক ব্যবসায়ী।
এমন পরিস্থিতিতে সোমবার এক সংবাদ সম্মেলন আয়োজনের মাধ্যমে নগরীর আম্বরখানা বড় বাজার এলাকার বাসিন্দা, ব্যবসায়ী ইসমাইল হোসেন আজাদ চৌধুরী তার আশঙ্কার কথা তুলে ধরেন। তিনি জানান, সিলেটে নিজের ব্যাংক হিসাব থেকে অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে তাঁর ৩ লাখ টাকা স্থানান্তর হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকসহ বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না। এ বিষয়ে অভিযোগ করতে গিয়ে জানতে পেরেছেন তাঁর মতো আরও অনেকের ব্যাংক হিসাব থেকে একইভাবে টাকা স্থানান্তরের ঘটনা ঘটছে। 

লিখিত বক্তব্যে আজাদ চৌধুরী জানান, তাঁর স্মার্ট ফোনটি গত ২৬ মার্চ নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কিছুক্ষণ পর দেখেন তাঁর ব্র্যাক ব্যাংক জিন্দাবাজার শাখার হিসাব থেকে ৩ লাখ ১০ টাকা প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের একটি হিসাব নাম্বারে স্থানান্তর হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, উল্লিখিত হিসাব নাম্বারটিতে আরও অনেকের টাকা অবৈধভাবে স্থানান্তর হয়েছে।

আজাদ চৌধুরী জানান, টাকা স্থানান্তর হওয়া হিসাবের মালিকের নাম মো. সোহেল রানা। সোহেল রানা বিভিন্ন ব্যক্তির হিসাব থেকে টাকা স্থানান্তর করেছেন ওই নাম্বারে। ব্যবসায়ী আজাদের দাবি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সংঘবদ্ধ এবং পরিকল্পিত প্রতারণা। ২৬ থেকে ২৮ মার্চ ব্যাংক বন্ধ না থাকলে হয়তো তাৎক্ষণিক অভিযোগ করে হিসাবটি ব্লক করা সম্ভব হতো এবং ক্ষতি ঠেকানো যেত। তা সম্ভব না হওয়ায় তিনি কল সেন্টারে অভিযোগ করেন। এখনও কোনো প্রতিকার পাননি।
আজাদ চৌধুরী জানান, এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সিলেট শাখায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলেও তারা তা গ্রহণ করেননি। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাঁর অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের সংশ্লিষ্ট ব্যবস্থাপকের বক্তব্য পাওয়া যায়নি। তবে ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, এমনভাবে টাকা স্থানান্তর করা হয়েছে মনে হয়েছে ওই ব্যক্তি নিজেই নিজের এক হিসাব থেকে অন্য হিসেবে টাকা পাঠিয়েছেন। এখানে ব্যাংকের কোনো দায় নেই। তারপরও বিষয়টি দেখা হচ্ছে। তিনি জানান, টাকা স্থানান্তরিত হওয়ার পর সেই টাকা আবার তাৎক্ষণিক অন্য হিসাবে স্থানান্তর বা উত্তোলন করা হয়েছে। 

আরও পড়ুন

×