চাঁদা না পেয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট
সোনারগাঁয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা
সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ১৯:১৫
চাঁদা না দেওয়ায় সোনারগাঁয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে বৈদ্যেরবাজার ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতার স্ত্রীসহ ৩জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় বুধবার দুপুরে সোনারগাঁ থানায় মামলা করেছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাসেম।
জানা গেছে, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাসেম দীর্ঘদিন ধরে এলাকায় মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির সঙ্গে ব্যবসা করে আসছেন। তার এই ব্যবসার অংশীদার দাবি করেন বৈদ্যেরবাজার ইউনিয়নের বসুনদরদী গ্রামের রতন, খোকন, রাজু, সাকিবসহ ১০-১২ জনের একটি গ্রুপ। এই দাবি না মানায় তার ব্যবসার ২৫ শতাংশ লভ্যাংশ দাবি করেন। এতেও রাজি না হওয়ায় বিএনপি নেতা আবুল হাসেমকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেন তারা। দুই দিন ধরে আবারও চাঁদা দাবি করছেন তারা। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যেরবাজার ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে বিএনপির নেতা আবুল হাসেমের বাড়িতে হামলা চালান রতন, খোকন, রাজুর নেতৃত্বে একদল লোক। হামলাকারীরা আবুল হাসেমের বাড়িঘর ভাংচুর করে, আসবাবপত্র তছনছ করে আলমারী ভেঙে ২ লাখ টাকা, স্বর্ণলংকারসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। এসময় বাড়িতে ছিলেন না বিএনপি নেতা আবুল হাসেম। হামলাকারীদের বাধা দিতে গেলে আবুল হাসেমের স্ত্রী রিনা আক্তার, ভাতিজা আজিজুল, ভাইয়ের স্ত্রী মুকুল বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রতন ও খোকন। তাদের দাবি, হামলার সঙ্গে জড়িত না তারা। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিববুল্লাহ জানান, হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- সোনারগাঁ
