ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গুদামের টিনের চাপে দেয়াল ধস, হোটেল ম্যানেজার নিহত

গুদামের টিনের চাপে দেয়াল ধস, হোটেল ম্যানেজার নিহত
×

দেয়াল ধসের পর হোটেলে উদ্ধার কাজে অংশ নেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার সকালে দেবিদ্বারের বাগুর বাস স্টেশন এলাকায়। ছবি: সমকাল

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ১৭:৪২

কুমিল্লার দেবিদ্বারে একটি হোটেলের দেয়াল ধসে চাপা পড়ে আব্দুস সামাদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই হোটেলের ম্যানেজার ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের শাকতলা গ্রামের বাসিন্দা। তিনি বাগুর বাস স্টেশন এলাকার ‘সৈনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি হোটেলটির মালিক মিজানুর রহমানের শ্বশুর।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে হোটেলের ক্যাশ টেবিলে বসে কাজ করছিলেন আব্দুস সামাদ। হোটেলের দক্ষিণ পাশে ‘মেসার্স মনিরুল এন্টারপ্রাইজ’ নামে একটি টিনের গুদাম আছে। দীর্ঘদিন ধরে টিন ঠেস দিয়ে রাখায় অতিরিক্ত চাপে দেয়ালটি ধসে হোটেলের ভেতরে পড়ে যায়। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন সামাদ। ঘটনার সময় হোটেলের কর্মচারী ও ক্রেতারা দ্রুত বাইরে বের হয়ে যান।

প্রত্যক্ষদর্শী মোবারক জানান, হোটেল ও টিনের গুদামের মাঝে একই দেয়াল। দীর্ঘদিন ধরে এই দেয়ালে ঠেস দিয়ে টিন রাখা ছিল, যার কারণে দেয়ালটি দুর্বল হয়ে পড়ে। হঠাৎ বিকট শব্দে দেয়ালটি ধসে পড়ে।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে স্থানীয়দের সহায়তায় নিহত সামাদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের ভাষ্য, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
 

আরও পড়ুন

×