ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২৭ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে এলো আরও এক জাহাজ

২৭ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে এলো আরও এক জাহাজ
×

সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের জাহাজটি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ১৮:৩৭

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজ।

শুক্রবার দুপুর দুইটার দিকে জাহাজটি এসে পৌঁছায়। এই তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, শুক্রবার দুপুরে ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামক জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে ভিড়ানো হয়। এসময় বিপিসির কর্মকর্তারা জাহাজটি পরিদর্শনের জন্য বন্দরে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, জাহাজটিতে ২৭ হাজার ৩০০ টন ডিজেল রয়েছে। এলপিজি ও এলএনজি নিয়ে আসা আরো দু’টি বড় জাহাজ বন্দরের বহিনোর্ঙরে পৌঁছেছে।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, শুক্রবারের মধ্যে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরেকটি জাহাজ বন্দরে পৌঁছার শিডিউল রয়েছে।

বন্দর ও বিপিসির কর্মকর্তারা জানান, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইনে থাকা তেল ও গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। একে একে এসব জাহাজ বন্দরের জেটিতে ভিড়ছে। জ্বালানির ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করতে ভবিষ্যতেও বিকল্প উৎস থেকে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×