ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ৬ জেলে, সুন্দরবনে এখনও জিম্মি আরও চারজন

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ৬ জেলে, সুন্দরবনে এখনও জিম্মি আরও চারজন
×

ফাইল ছবি

শ্যামনগর (সাতক্ষীরা) ও মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ২০:৪১

দস্যুদের মুক্তিপণ দিয়ে সুন্দরবন থেকে ফিরেছেন ছয় জেলে। গত শুক্রবার ও বৃহস্পতিবার তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাড়িতে ফিরেছেন। ৩০ মার্চ তাদের সঙ্গে অপহৃত আরও চার জেলে এখনও দস্যুদের কাছে জিম্মি।

শুক্রবার রাতে বাড়ি ফেরা জেলেরা হলেন– আনারুল, ইমরান ও সুশান্ত। বৃহস্পতিবার ফিরেছেন সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম। তাদের বাড়ি শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি ও ছোট ভেটখালী গ্রামে।

ফিরে আসা জেলে ও তাদের স্বজনের দেওয়া তথ্যমতে, ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ এবং মামুন্দো নদী থেকে ডন ও আলিফ ওরফে আলিম বাহিনীর পরিচয়ে ১০ জেলেকে অপহরণ করা হয়। তাদের মধ্যে সাদ্দামের মুক্তিপণ বাবদ ৪০ হাজার টাকা দিতে হয়েছে। আনারুল, সুশান্ত ও ইমরানের ৩৫ হাজার টাকা করে দিতে হয়েছে। এ ছাড়া ইউনুস আলী ও সাইফুল ইসলামের স্বজনরা দিয়েছেন ২৫ হাজার টাকা করে।

এনামুল ও হজরতসহ চার জেলের খোঁজ শনিবার পর্যন্ত পাওয়া যায়নি। সুন্দরবনে যাতায়াতকারী জেলেরা জানিয়েছেন, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন শেখ ফরিদুল ইসলাম ১ এপ্রিল সুন্দরবনকে দস্যুমুক্ত করার নির্দেশনা দেন। এতে র্যা ব, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশের তৎপরতা বাড়ানোর পর জলদস্যুরা অপহৃত অপর জেলেদের নিয়ে নিচের দিকে (গভীর বন) চলে গেছে।

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মো. ফজলুল হকের কাছে জেলে অপহরণ কিংবা তাদের ফিরে আসার বিষয়ে তথ্য নেই। তাঁর ভাষ্য, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি।

এই কর্মকর্তা জানিয়েছেন, সুন্দরবনের নোটাবেঁকী টহল ফাঁড়ি-সংলগ্ন অভয়ারণ্য থেকে মধু সংগ্রহের অভিযোগে সাত মৌয়ালকে আটক করা হয়েছে। এরা হলেন– শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের হজরত আলী (৫০), মো. মাজেদ (৬১), মুকুল হোসেন (৪৫), আব্দুল মান্নান (৫০), আব্দুল মান্নান (৫০), ওমর ফারুক (৩৬), মাকছুদুল (৫৭) ও আসাদুল (৫২)।

এদিকে শুক্রবার কোস্টগার্ড সদস্যরা জোনাব বাহিনীর সদস্যদের হাতে জিম্মি তিন জেলেকে উদ্ধার করেছেন। এরা হলেন– ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫)। তারা সবাই শ্যামনগরের বাসিন্দা। ৩১ মার্চ উপজেলার হোগলডরা খাল এলাকা থেকে তারা অপহরণের শিকার হন। শনিবার উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপ উপজেলার বাইনতলা খাল-সংলগ্ন এলাকায় শুক্রবার ভোরে ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছেন। এরা হলেন– বাগেরহাটের শরণখোলা উপজেলার মো. সোহাগ হাওলাদার (৩৫) এবং খুলনার পাইকগাছা উপজেলার বাবুল সানা (৪২)। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×