স্কুল ফিডিংয়ে শ্যাওলাযুক্ত রুটি
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:০৮
| প্রিন্ট সংস্করণ
সোনাগাজীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেয়া ‘স্কুল ফিডিং’ কর্মসূচিতে পচা ও শ্যাওলাযুক্ত বনরুটি সরবরাহের অভিযোগ উঠেছে। গত সোমবার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ রুটি সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে বিদ্যালয়ের ১৫১ জন শিক্ষার্থীর দুপুরের টিফিন হিসেবে বনরুটি নিয়ে আসে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় দেখা যায়, অন্তত ১৭টি রুটিতে শ্যাওলা ও ছত্রাক জমে আছে (পচা)। অনেক রুটির ভেতর থেকে দুর্গন্ধ আসছিল। বিষয়টি নজরে আসার পর তড়িঘড়ি করে খাবার বিতরণ বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। তবে এর আগেই কিছু শিক্ষার্থীর হাতে রুটি পৌঁছে যাওয়ায় বিড়ম্বনায় পড়েন শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, ‘আমাদের স্কুলের ১৫১ জন শিক্ষার্থীর জন্য সোমবার বনরুটি সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশ পল্লী লিমিটেড। পরে দেখা যায় ১৭টি রুটি পচা, ছত্রাকযুক্ত ও মানহীন। কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে আমরা খাবার বিতরণ বন্ধ করে দিই।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম তাহেরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন হবে না বলে অঙ্গীকার করেছে। এরপরও বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন।
ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশ পল্লী লিমিটেডের ফেনী জেলা কোঅর্ডিনেটর লোকমান খান। তিনি বলেন, বিষয়টি হয়তো ফ্যাক্টরি থেকে হতে পারে। তবে ভবিষ্যতে যাতে এমন না হয়, তারাও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।
ইউএনও রিগ্যান চাকমা বলেন, শিশুদের খাবারে এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্তসাপেক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- স্কুল ফিডিং কর্মসূচি
