কারখানার গুদামে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ১৮:০০
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানায় মেরামত কাজের সময় গুদামে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া বক্তারপাড়া বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন– লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত নেছার আহমেদের ছেলে ফারুক (৪০) ও কুমিল্লার লাঙ্গলকোট থানার তালিবাড়ি এলাকার তাহের মোল্লার ছেলে জহির (৩৫)। তারা ওই এলাকার অল ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি অল ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি জিংক এ্যাশ উৎপাদন কারখানায় কাজ করছিলেন।
বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে কারখানাটির প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে। এ সময় কোনো শ্রমিক বা কর্মচারীকে পাওয়া যায়নি। সংবাদ পেয়ে সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাফর বেলা দুইটার সময় ঘটনাস্থলে এসেও ওই শ্রমিকদের লাশের খোঁজ পাননি। এলাকাবাসীর দাবি, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানা কর্তৃপক্ষ দুই শ্রমিকের মৃতদেহ সরিয়ে ফেলেছে।
স্থানীয় সূত্র জানায়, অল ট্রেড ইন্টারন্যাশনাল কারখানায় জিংক এ্যাশ উৎপাদন করা হতো। সেখানে বুধবার দুপুরে কারখানায় এঙ্গেল দিয়ে তৈরি শেড মেরামতের কাজ চলছিলো। হঠাৎ করেই পুরো শেড ভেঙে পড়ে। এ সময় শেডের ওপরে কর্মরত দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই কারখানার ভেতরে থাকা অন্য শ্রমিকেরা দ্রুত পালিয়ে যায়। দুপুর একটার দিকে কারখানা মালিকের দুইটি অ্যাম্বুলেন্সে করে দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অমান্য করে জিংক এ্যাশ উৎপাদনের মাধ্যমে বায়ু দূষণ করায় ২০২৪ সালের ১৮ এপ্রিল অল ট্রেড ইন্টারন্যাশনাল কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তখন কারখানাটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলামের ভাষ্য, হঠাৎ বিকট শব্দ পেয়ে তিনি দৌঁড়ে ঘটনাস্থলে আসেন। তিনি গুদামের শেডটি ভেঙে পড়ে থাকতে দেখেন। এ সময় দুইজনের মৃতদেহ পড়ে ছিলো। অন্য শ্রমিকেরা দ্রুত সেখান থেকে সটকে পড়েন।
চট্টগ্রাম শিল্প পুলিশের পরিদর্শক নাহিদ মৃধার ভাষ্য, গুদামের শেড ভেঙে দুই শ্রমিক মারা গেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
