ব্যস্ত সড়কে ঝুঁকিপূর্ণ পারাপার, আন্ডারপাস নির্মাণের দাবি
আন্ডারপাস নির্মাণের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন করেন স্থানীয়রা। ছবি : সমকাল
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ১৮:৫৪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুরে উপজেলার মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কের হাতুড়াপাড়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে অত্যন্ত ব্যস্ত একটি সড়ক, যেখানে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। আশপাশে অবস্থিত স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, কমিউনিটি হাসপাতাল ও ফিলিং স্টেশনসহ ১০ থেকে ১২টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু নিরাপদে রাস্তা পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। জীবনের ঝুঁকি নিয়ে লোকজনকে রাস্তা পার হতে হচ্ছে।
বক্তারা অভিযোগ করেন, সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা না করেই সড়কের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে, যা স্থানীয়দের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। এ সময় দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এ দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
- বিষয় :
- সোনারগাঁ
