ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নববর্ষে কন্যা সন্তানের আগমনে খুশিতে আত্মহারা পরিবার 

নববর্ষে কন্যা সন্তানের আগমনে খুশিতে আত্মহারা পরিবার 
×

নানির কোলে নবজাতক ফাতিমা

মিজানুর রহমান, নলছিটি (ঝালকাঠি)

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১৪:৫৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ১৪:৫৭

বাংলা বছরের প্রথম দিনে প্রথম সন্তানের বাবা-মা হওয়ার স্বপ্ন পূরণ হলো ঝালকাঠির এক দম্পতির। এ দিন তাদের ঘর আলো করে এসেছে কন্যা ফাতিমা আক্তার। 

বাবা শাওন হোসেন ও আয়েশা দম্পতি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের বাসিন্দা। নলছিটি শহরে বাংলা নববর্ষের শোভাযাত্রা চলাকালীন আয়েশা অসুস্থ হয়ে পড়লে তাকে 'নলছিটি সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার'-এ নিয়ে যাওয়া হয়। সেখানেই জন্ম নেন ৩ কেজি ওজনের ফাতিমা। শিশুর  সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

ক্লিনিকের গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান জানান, পহেলা বৈশাখের দিনে সিজার করার অনুভূতি আলাদা। আজকের আনন্দের দিনে নবজাতকের পরিবারের সাথে আমরাও আনন্দিত। 

নবাগত সন্তানের আগমনে খুশিতে আত্মহারা শিশু ফাতিমার ক্ষুদ্রব্যবসায়ী বাবা। তিনি বলেন, 'বছরের প্রথম দিনে আমাদের সন্তান পৃথিবীর মুখ দেখবে এটা কখনো ভাবিনি। এ দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রতিবছর পহেলা বৈশাখে আমার সন্তানের জন্মদিন হবে, এটা খুবই মজার বিষয়।' 

নববর্ষে গর্ভে থাকা সন্তানকে বুকে টেনে নিয়েছেন মা আয়েশা। আনন্দ প্রকাশ করে তিনি জানান, মেয়ে বড় হলে তাকে মানবিক মানুষ বানাতে চান। 
শিশুর নানি বলেন, 'প্রথম নাতনির মুখ দেখতে এসেছি। পহেলা বৈশাখের দিনে তাকে পেয়ে ওর বাবা-মায়ের মতো আমিও অনেক আনন্দিত।' 

আরও পড়ুন

×