ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

১৭ বছর আগে উচ্ছেদ হওয়া ১৩ পরিবার ফিরছে নিজ ভিটায়

১৭ বছর আগে উচ্ছেদ হওয়া ১৩ পরিবার ফিরছে নিজ ভিটায়
×

২০০৯ সালে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ হয়েছিল বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের সুটুরিয়া গ্রামের ১৩টি পরিবার। সম্প্রতি তাদের কেউ কেউ ফিরে ঘর তুলতে শুরু করেছেন সমকাল

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৯:২৪

| প্রিন্ট সংস্করণ

২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ওই দলের কিছু সমর্থক হামলা করে বাড়িঘর ভেঙে দিয়ে ১৩টি পরিবারকে এলাকাছাড়া করে। তার পর কেটে গেছে ১৭ বছর। পরিবারগুলোর ৩৩ সদস্য আর ফিরতে পারেননি পৈতৃক ভিটায়। 

বিএনপি সরকার গঠনের পর উচ্ছেদ হওয়া ১৩ পরিবারের সদস্যরা এখন ফিরতে চাচ্ছেন তাদের পৈতৃক ভিটায়। গত রোববার এসে দুটি টিনের ঘর নির্মাণ করেছেন মৃত আব্দুল গফুরের নাতি আকলিমা ও আব্দুল খালেকের ছেলে শাহজাহান। কিন্তু বাকিদের মন থেকে এখনও ওই দিনের আতঙ্ক কাটেনি। এখনও তাদের মনে ভয়– না জানি, তারা আবার ফিরে এসে হামলা করে! ঘটনাটি বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের সুটুরিয়া গ্রামের।
ভুক্তভোগী পরিবারগুলোর একাধিক সদস্য জানান, ২০০৯ সালে বিএনপি সমর্থক ওই গ্রামের আব্দুল গফুরের ৬ ছেলের বাড়িঘরসহ ১৩টি পরিবারে হামলা ও লুটপাট চালায় আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থক। বসতভিটা থেকে উচ্ছেদ করা হয় তাদের সবাইকে। 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সাব্বির আহমেদ ভূঁইয়া কমল ও তাঁর ভাই জাকির হোসেন ভূঁইয়ার নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক সমর্থক এমনটি করেন বলে জানান ভুক্তভোগী আব্দুল খালেকের ছেলে সোহাগ মিয়া। তবে সব অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন ভূঁইয়া বলেন, জমিগুলোর ওপর মামলা চলমান। তারা এখন অন্যায়ভাবে এ জমিতে ঘর নির্মাণ করছে। 
সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, মৃত গফুরের পরিবারের নারী-পুরুষ-শিশুরা ফিরে এসেছেন পৈতৃক ভিটায়। কয়েকজন টিনের ঘর নির্মাণে ব্যস্ত। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর সদস্যরা তাদের ভিটা ফিরিয়ে দিতে স্থানীয় প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
মৃত আব্দুল খালেকের আরেক ছেলে মো. শাহজাহান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘটনার দিন তারা শুধু আমাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করেই ক্ষান্ত হয়নি। তারা আমার বাবাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। তারা বাবাকে নিয়ে হাসপাতালে পর্যন্ত যেতে দেয়নি। 
অভিযুক্ত জাকির হোসেন ভূঁইয়া বলেন, আমরা তাদের বাড়িঘরে হামলা করিনি। আমাদের ওপর আনীত অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি আরও বলেন, এসএ, সিএস কোথাও তাদের কোথাও নাম নেই। এ ব্যাপারে আদালতে মামলা চলমান। আমরা নিম্ন আদালত থেকে তিনটা রায় পেয়েছি। বর্তমানে হাইকোর্টে মামলা চলমান। এ অবস্থায় তারা সম্পূর্ণ বেআইনিভাবে এ জমিতে জোরপূর্বক প্রবেশ করে ঘর নির্মাণ করছে। 

আরও পড়ুন

×