ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চা শ্রমিকদের নিয়ে এমপি পুত্রের মতবিনিময় সভা

চা শ্রমিকদের নিয়ে এমপি পুত্রের মতবিনিময় সভা
×

চা বাগানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ০৮:৪৬ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ | ১১:১৮

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ ফয়সলের ছেলে সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার বিকেলে নোয়াপাড়ার এক বাংলোতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত ব্যক্তিরা।

সভায় উপস্থিত চা শ্রমিক নেতা ও প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের সমস্যা, দাবি এবং সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। বক্তারা বলেন, চা বাগানের শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা এখনও নানা বঞ্চনার শিকার। বিশেষ করে স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির অভাব, বসবাসের অনুপযোগী পরিবেশ এবং শিক্ষার সীমাবদ্ধতা তাদের জীবনকে কঠিন করে তুলেছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

২৩টি চা বাগানের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে চা বাগানের মানুষ একতরফাভাবে ভোট দিয়ে সৈয়দ ফয়সলকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে এমপি চা শ্রমিকদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন, চা শ্রমিকরা অত্যন্ত পরিশ্রমী হলেও তারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। তাদের জন্য বিশেষায়িত হাসপাতাল, নিরাপদ পানি, উন্নত বাসস্থান এবং কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা জরুরি।

সভায় সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা বাগান এলাকার মানুষের কল্যাণে তিনি এবং তাঁর পরিবার সব সময় কাজ করে যাচ্ছেন। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে। যত দ্রুত সম্ভব শ্রমিকদের প্রত্যাশিত কাজের পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি শ্রমিকদের সমস্যাগুলো বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।

আরও পড়ুন

×