ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ, ভোগান্তি

সরকারি রাস্তা দখল করে  ঘর নির্মাণ, ভোগান্তি
×

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ০৮:৩৬ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ | ১২:৫২

| প্রিন্ট সংস্করণ

ধুনটের গোবিন্দপুর গ্রামে সরকারি রাস্তা দখল করে আধাপাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মেহেরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে শতাধিক পরিবারের চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। 
এ ঘটনায় এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে অবরুদ্ধ রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।    
জানা গেছে, গ্রামের পশ্চিম পাশ দিয়ে প্রায় ৮ ফুট প্রশস্ত একটি সরকারি রাস্তা ছিল, যা দিয়ে দীর্ঘদিন গ্রামের অধিকাংশ মানুষ যাতায়াত করতেন। ওই রাস্তার জায়গা দখল করে মেহেরুল ইসলাম সেখানে আধাপাকা ঘর নির্মাণ করেছেন।

অবরুদ্ধ বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ‘এই রাস্তাই ছিল আমাদের একমাত্র চলাচলের পথ। এখন তা বন্ধ হয়ে যাওয়ায় ১০ থেকে ১২টি পরিবার পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে।’
স্থানীয় দুগ্ধ খামারি সম্রাট মিয়া জানান, ‘রাস্তা বন্ধ থাকায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছি না। এতে আমার খামারের ব্যাপক ক্ষতি হচ্ছে।’
আবুল হোসেন খন্দকার অভিযোগ করেন, ‘রাস্তা দখল করে ঘর নির্মাণের সময় আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম। কিন্তু সেখানে কিছু নারীকে দাঁড় করিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলার ভয় দেখানো হয়। ফলে আমরা সম্মানের ভয়ে সরে আসি।’

আরেক ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন, ‘রাস্তা দখলের কারণে আমরা হাটবাজারে যেতে পারছি না; কৃষিপণ্য বাজারজাত করতে পারছি না। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি।’
অভিযোগ অস্বীকার করে মেহেরুল ইসলাম বলেন, ‘আমি আমার পৈতৃক সম্পত্তির ওপর ঘর নির্মাণ করেছি; কোনো সরকারি রাস্তা দখল করিনি।’
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, ‘রাস্তা দখলের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×