খালের ভাঙন থেকে তীর রক্ষার দাবি
পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের সামনে বৃহস্পতিবার আয়োজিত মানববন্ধনের একাংশ। ছবি: সমকাল
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১৭:৩৩
চরহোসনাবাদ-সবুজবাগ খালের ভাঙন থেকে তীর রক্ষার দাবি উঠেছে। বৃহস্পতিবার পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এই দাবি তোলেন। এতে ভাঙনকবলিত খালের দুই তীরের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
সেখানে বক্তারা বলেন, প্রতি বছর বর্ষা এলেই খালের দুই পারে তীব্র ভাঙন দেখা দেয়। ইতোমধ্যে ভাঙনের শিকার বেশ কিছু মানুষ বসতভিটা হারিয়েছেন। দুই পারের সড়ক, গাছপালা খালে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে আছে দশমিনা থানা কমপ্লেক্স ভবন, দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সবুজবাগ মসজিদসহ বহু মানুষের ঘরবাড়ি।
এলাকাবাসী অভিযোগ করেন, খালের ভাঙনের বিষয়ে বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও স্থায়ী সমাধানে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। সাময়িককভাবে ভাঙনকবলিত জায়গায় কিছু জিওব্যাগ ফেলা হয়। এই প্রক্রিয়া টেকসই না হওয়ায় ভাঙন ঠেকানো যাচ্ছে না।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে খালটি সংস্কার, ব্লক বা টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ, জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। না হলে বর্ষা মৌসুমে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।
সেখানে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. লুৎফর রহমান লিটন, ব্যবসায়ী নেতা আব্দুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জোবায়ের হোসেন আক্কাস প্রমুখ। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।
