তিন জেলায় স্কুলছাত্রসহ ৩ জনকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৫:০৩
দেশের তিন জেলায় তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এর মধ্যে ফরিদপুরে ট্রাকচালক, ময়মনসিংহে স্কুলছাত্র এবং শরীয়তপুরে চোর সন্দেহে পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচ জেলায় পাঁচজনকে হত্যার অভিযোগ উঠেছে; তিন স্থানে উদ্ধার করা হয়েছে পুলিশের নারী কনস্টেবলসহ চারজনের মরদেহ।
গণপিটুনিতে চালক নিহত
গত শুক্রবার রাত ৮টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় সাতজন আহত হন। পরে স্থানীয় লোকজনের পিটুনিতে ট্রাকচালক নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, চালক বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিটুনিতে আহত ট্রাকে থাকা দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ট্রাকচালকের নাম মো. হান্নান (৪৫)। তাঁর বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে। ট্রাকে থাকা আহতরা হলেন চালকের সহকারী নাঈম (২২)। তাঁর বাড়ি সালথা উপজেলার সোনাখোলা গ্রামে। আরেকজন হলেন আল-আমিন (২৫)। তাঁর বাড়ি সালথার কাগদী এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে আসা একটি ট্রাক দ্রুতগতিতে গ্রামের সরু সড়ক দিয়ে চলছিল। ট্রাকটির বেপরোয়া গতির কারণে পথচারীর মধ্যে
আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এই ট্রাক এর আগে রসুলপুরসহ আশপাশের এলাকায় একাধিক পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে আসে।
এদিকে, বৃহস্পতিবার ফরিদপুরে বাকিয়ার রহমান সুমন (৪০) নামে জাহাজের এক সুকানির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বৈশাখী মেলায় বাগ্বিতণ্ডার জেরে সিয়াম (১৫) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পদুরবাড়ী হাই স্কুল মাঠে তার ওপর হামলার ঘটনা ঘটে। শুক্রবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সিয়ামের মৃত্যু হয়।
সে উপজেলার শিবপুর গ্রামের আবদুস সালামের ছেলে এবং স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। হত্যায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
গণপিটুনিতে যুবক নিহত
শরীয়তপুর সদর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার সকালে আংগারিয়া ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায় তাঁকে পিটুনি দেওয়া হয়। দুপুর ১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ভাইয়ের হাতে ভাই খুন
নরসিংদী শহরে ছোট ভাইয়ের হাতে আল আমিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে সাটিরপাড়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম হাসান (২৬)। তিনি ও নিহত আল আমিন রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলি বাজারের বাসিন্দা নুর ইসলামের ছেলে। তারা শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
এদিকে মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আক্তার হোসেন (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা হয়েছে। আসামিরা হলো– রাহিমা বেগম, জহিরুল ইসলাম মিল্লাত, জহির (নিহতের ছোট ভাই) এবং বন্যা।
কলেজছাত্রীকে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুরের কমলনগরে নুসরাত জাহান সুমাইয়া (২১) নামের কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের দক্ষিণ চরকাদিরা এলাকা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সুমাইয়ার স্বামীর নাম সজীব আহমেদ জয়।
লক্ষ্মীপুরে অটোচালক খুন
লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের পর রাজীব (১৮) নামে এক অটোচালককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি সুপারি বাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজীব রায়পুর উপজেলার দক্ষিণ গাইয়ার চর ফজুমোল্লা স্টেশন এলাকার মোস্তফার ছেলে।
কৃষককে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধানক্ষেতে গরু চরানো ও ধান খাওয়ানোকে কেন্দ্র করে জহুর উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে লক্ষ্মীপুর ইউনিয়নের পশ্চিম সুড়িরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুর উদ্দিন ওই গ্রামের প্রয়াত হযরত আলীর ছেলে।
তিন নারীর মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন পুলিশের কনস্টেবল। তাঁর নাম মেহেরুন্নেছা ঊর্মি (২৮)। শনিবার পৌরশহর লাগোয়া টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার কক্ষ থেকে ঊর্মির মরদেহ উদ্ধার করে পুলিশ। বেলা ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নে পায়রা বন্দরের চান্দুপাড়া আবাসন পুনর্বাসন প্রকল্পের বাসিন্দা ফারজানা বেগমের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে বাগেরহাটের ফকিরহাটে মন্দিরের বারান্দা থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক এবং অফিস ও প্রতিনিধির পাঠানো তথ্য)
