৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৮:১৪
| প্রিন্ট সংস্করণ
৬ দিন বন্ধ থাকার পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র। প্রাথমিকভাবে এখান থেকে উৎপাদিত ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে, যা ধীরে ধীরে বাড়বে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ কেন্দ্রের উৎপাদন শুরু হয়েছে।
গত ২৫ এপ্রিল সকালে এ কেন্দ্রের প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। ওই দিনই মেরামত কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। মেরামত শেষে পুনরায় উৎপাদনে ফিরল কেন্দ্রটি। এ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ উত্তরাঞ্চলের জেলাগুলোতে লোডশেডিং এবং লো ভোল্টেজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এর আগে গত ২২ এপ্রিল রাত ১০টার দিকে এ ইউনিটের ৪টি কোল মিলের মধ্যে ২টি ভেঙে যায়। এতে ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে মেরামত কাজ সম্পন্ন করে ২৪ এপ্রিল রাত ৮টার দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ফলে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। তবে চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মধ্যে ২৫ এপ্রিল সকালে আবার বন্ধ হয়ে যায় কেন্দ্রটির উৎপাদন।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিট রয়েছে, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট ১২৫ মেগাওয়াট করে ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। তৃতীয় ইউনিট ২৭৫ মেগাওয়াটের। ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ। ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ। ফলে একটি ইউনিটেই এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন চলছিল।
- বিষয় :
- বিদ্যুৎকেন্দ্র
