যমুনার ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
শিবালয়ে যমুনা নদীতে জিও ব্যাগ ফেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর। ছবি : সমকাল
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৯:১২
মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীর তীরবর্তী এলাকার ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সমেজঘর তেওতায় যমুনার তীরবর্তী এলাকায় এ কাজের উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর।
মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার, উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্তি পন্ডিত ভজন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক হোসেন আলী প্রমুখ।
এ সময় সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর বলেন, যমুনা নদীর ভাঙ্গন রোধে এক হাজার ৮৭৪ বস্তা জিও ব্যাগ ফেলা হবে। এতে যদি ভাঙ্গন রোধ না হয় তা হলে যত জিও ব্যাগ লাগবে তা ফেলে নদীর তীরবর্তী এলাকার মানুষের ঘরবাড়ী ও ফসলি মাঠ রক্ষা করা হবে।
তিনি আরও বলেন, পদ্মা-যমুনা নদীর স্থায়ীভাবে ভাঙ্গন রোধে বেড়িবাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বরাদ্দ চেয়ে ডিও লেটার পাঠানো হয়েছে।
কেউ যাতে দুর্নীতি করতে না পরে সেজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্যদের নিয়ে কমিটি করে জিও ব্যাগ ফেলা হবে বলে জানান তিনি। পরে তিনি আরিচা লঞ্চ ঘাট, পাটুরিয়া লঞ্চ ও ফেরি ঘাটসহ ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন।
সম্প্রতি উপজেলার জাফরগঞ্জ, গোয়ারিয়া, ডালা মালুচি, গান্দাইল, তেওতা, সমেজঘর তেওতা, নিহালপুর, আরিচা, অন্বয়পুর, হেমগঞ্জ, দাসকান্দি, পাটুরিয়া ও নয়াকান্দি পর্যন্ত প্রায় ১৩-১৪ কিলোমিটার নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন।
- বিষয় :
- মানিকগঞ্জ
