ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আমদানি পণ‍্য খালাসে জেটিতে আনা হলো ক্ষতিগ্রস্ত দুই জাহাজ

তিনটি টাগবোট দিয়ে টেনে আনে বন্দর কর্তৃপক্ষ

আমদানি পণ‍্য খালাসে জেটিতে আনা হলো ক্ষতিগ্রস্ত দুই জাহাজ
×

চট্টগ্রাম ব‍্যুরো

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ২০:৫৭

আমদানি কন্টেইনার নিয়ে বহির্নোঙর থেকে চট্টগ্রাম বন্দরের জেটিতে আসার পথে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হওয়া দুটি জাহাজকে বন্দর জেটিতে আনা হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে ‘মায়েরস্ক চট্টগ্রাম’ এবং ‘এইচআর তুরাগ’ নামের এই দুটি জাহাজকে বন্দরের বহির্নোঙর থেকে এনসিটি জেটিতে আনা হয়। ক্ষতিগ্রস্ত দুটি জাহাজকে নিরাপদে আনতে তিনটি টাগবোট ব‍্যবহার করে বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার বহির্নোঙর থেকে জেটিতে আসার পথে এই দুই জাহাজে সংঘর্ষ হয়।

‘মায়েরস্ক চট্টগ্রাম’ জাহাজে ১ হাজার ৮৭৮ একক আমদানি কন্টেইনার আছে। আর ‘এইচআর তুরাগ’ জাহাজে আছে ১ হাজার একক কন্টেইনার। আমদানি পণ্যভর্তি কন্টেইনার নামিয়ে জেটি ছাড়বে এই দুটি জাহাজ। এরপর ক্ষতিগ্রস্ত দুটি জাহাজ ডকইয়ার্ডে নিয়ে মেরামত করা হবে। তদন্ত কমিটি রিপোর্ট প্রদান শেষে ক্ষতি নিরুপণ করলে ফের সমুদ্রপাড়ি দেওয়ার অনুমতি সনদ পাবে জাহাজগুলো।

আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন কর্ণফুলী গ্রুপের জাহাজ হচ্ছে ‘এইচআর তুরাগ’। আর ‘মায়েরস্ক চট্টগ্রাম’ হচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ ডেনমার্কভিত্তিক শিপিং কোম্পানি মায়ের্সক লাইনের।

চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন জহিরুল ইসলাম বলেন, ‘দুটি জাহাজেই দুই হাজারের বেশি আমদানি কন্টেইনার শুক্রবার থেকে আটকা পড়েছিল। বহির্নোঙরে এক জাহাজ থেকে আরেক জাহাজে কন্টেইনার স্থানান্তরের সুযোগ নেই। এজন‍্য বিশেষ ব‍্যবস্থায় এগুলো টাগবোট দিয়ে টেনে জেটিতে আনা হয়েছে।’

আরও পড়ুন

×