চিরকুটে ‘ভিডিও ফাঁসের হুমকি’, স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’ ঘিরে চাঞ্চল্য
বিচারের দাবিতে সহপাঠী ও বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন। ছবি: সমকাল
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৭:২৪ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৭:২৪
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত শুক্রবার (১ মে) সন্ধ্যায় নিজ কক্ষ থেকে আন্নিশা আক্তার মুনিয়া (১৬) নামে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়। ওই চিরকুটকে কেন্দ্র করে এ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মুনিয়া উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং স্থানীয় শিক্ষক রইস উদ্দিনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ওই চিরকুটে দাবি করা হয়েছে, ‘আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বাঁচতে দেওয়া হয়নি। বরং হুমকি ও মানসিক চাপ তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।’
চিরকুটে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি একটি মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে ওই চিরকুটে।
এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার চান্দাইকোনা এলাকায় সহপাঠী ও বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরিবারের অভিযোগ, একটি প্রভাবশালী মহল শুরু থেকেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এমনকি চিরকুটটি গোপন রাখার জন্যও চাপ সৃষ্টি করা হয়েছিল বলে তারা দাবি করেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া চিরকুটটি আমাদের হেফাজতে রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।’
তিনি আরও জানান, ভুক্তভোগীর চিরকুটে উল্লিখিত তথ্য ও মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত জোরদার করা হয়েছে। চিরকুটে লিখিত আসামিদের নাম তদন্তের স্বার্থে আপাতত গোপন রাখা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- স্কুলছাত্র
- মরদেহ উদ্ধার
- চিরকুট
