‘রাজনীতিবিদরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়’
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৭:৪২
| প্রিন্ট সংস্করণ
‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি, মাদকবিরোধী বক্তৃতা দেয়। আমার পাশেদি বসে ৯০ পারসেন্ট এডা-ওইডা খায়, আমি কেমনে মাদকবিরোধী বক্তৃতা দেই? আইসাই উনারা বক্তৃতা দেয় এলাকাকে মাদকমুক্ত করবে। আরে মিয়া হয়তো খাইয়া আইছো, নইলে যাইয়া খাইবা।’
কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার এমন কথোপকথনের ভিডিও ছড়িয়েছে সামাজিকমাধ্যমে। খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোবাশ্বের আলম ভূঁইয়া। বক্তব্যের এক পর্যায়ে মাদকের বিরুদ্ধে এমন বক্তব্য দেন তিনি।
১ মিনিট ৫ সেকেন্ডের ওই ভিডিওতে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া আরও বলেন, ‘তোমাদেরকে মাল হেইডা আমি চিনি না, হ্যাঁ? আর আমরা জানি না? আর আপনি যখন শিক্ষিত হবেন, আপনি যখন বিবেকবান হবেন তখন আপনি এদেরকে ধরতে পারবেন। আপনি এখন ধরতে পারবেন প্রিন্সিপালরে? কইব আন্নের হোলাও তো খায়, আন্নে কইত্তাই আইছেন। একজনে কয় যে এই তুই ইয়ানো কিতা করোস, কয় আঁই যিডা করি আন্নের হুতেও হেইডা করে। আগে নিজের পরিবারকে শুধরান, আগে নিজেকে শুধরান, এরপরে। আমগো বহুত শিক্ষকেও খায় আমি জানি। ঢাকা-ঢুকা যায় যে হোটেলে হোটেলে জানি। হোটেলের বিলের টাকাও যায় নেতাগো পকেট থেকে। আমি অকপটে বলে নিচ্ছি, আগে নিজেকে শুধরান পরে জাতিকে নিয়ে চিন্তা কইরেন।’
এ বিষয়ে গতকাল রাতে মোবাশ্বের আলম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘ফেসবুকে কী এসেছে এটা ফেসবুক দেখুক। এটা নিয়ে সাংবাদিকতা করতে আইসেন না। সুড়সুড়ি দেওয়া সাংবাদিকতা কইরেন না।’ এই বলে তিনি ক্ষিপ্ত হয়ে সংযোগ কেটে দেন।
- বিষয় :
- মাদক
