ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধৈর্য ধরে মানুষের মন জয় করাই গণতন্ত্রের মূল পথ: হুইপ নিজান

ধৈর্য ধরে মানুষের মন জয় করাই গণতন্ত্রের মূল পথ: হুইপ নিজান
×

ছবি: সংগৃহীত

লক্ষীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ২০:৪৯ | আপডেট: ০৫ মে ২০২৬ | ২০:৫৩

প্রতিপক্ষকে টেনে নামানো নয়, ধৈর্য ধরে মানুষের মন জয় করাই গণতন্ত্রের মূল পথ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। একই সঙ্গে তিনি ন্যায়বিচার নিশ্চিত করা এবং ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর জোর দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পূর্ব চরফলকন এলাকায় আব্দুল করিম মুন্সী নুরানী হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে নিজান বলেন, প্রতিপক্ষকে নিচে নামানোর চেষ্টা না করে ধৈর্যের সঙ্গে মানুষের আস্থা অর্জন করাই গণতান্ত্রিক রাজনীতির মূল চর্চা হওয়া উচিত। 

তিনি বলেন, “আমরা সবাই সংগ্রামের মধ্য দিয়ে এসেছি। কেউ এগিয়ে, কেউ পিছিয়ে—এটাই বাস্তবতা। সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাতে পারে, তাই ধৈর্য ধরে থাকতে হবে।” তিনি অতীতের আক্রমণাত্মক ভাষা পরিহার করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল তুলে ধরার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “সংসদে আমরা যা বলি, সেটাই শেষ কথা নয়। দেশের কোটি কোটি মানুষ আমাদের বক্তব্য শোনেন, মূল্যায়ন করেন এবং আমাদের আচরণও অনুসরণ করেন। তাই দায়িত্বশীল আচরণ সবার জন্য জরুরি।”

দুর্নীতিবিরোধী অবস্থানের বিষয়ে হুইপ নিজান বলেন, দেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। এখনো অনেক ক্ষেত্রে বয়স্ক ভাতা ও বিধবা ভাতা পেতে ঘুষ দিতে হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, “মানুষের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতেই হবে।”

তিনি উল্লেখ করেন, দেশে প্রায় ১৮ কোটি মানুষের মধ্যে বিপুলসংখ্যক ভোটার থাকলেও এখনো অনেকেই প্রাপ্য সেবা থেকে বঞ্চিত। এ অবস্থা থেকে উত্তরণে দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করার বিকল্প নেই।

দেশকে এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “জনগণের আস্থা অর্জনই উন্নয়নের মূল চাবিকাঠি।”

তিনি আরও বলেন, অনেক মানুষ ভয়ের কারণে নিজেদের সমস্যার কথা বলতে পারেন না; তাই এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে কথা বলতে পারবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি শওকত আলী, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক এম দিদার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন

×