ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৯:০৮
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বিবিরহাটের ‘হাসান টাওয়ার-১’ ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কারিম সৌদি আরব প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। এ সুযোগে কারিম সবার অগোচরে ভবনের ছাদে উঠে যায়। ধারণা করা হচ্ছে, ছাদের কিনারে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভবনের নিচে তাকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে পরিবারের সদস্যদের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
- বিষয় :
- ফটিকছড়ি
- শিশুর মৃত্যু
- বহুতল ভবন
