ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফুলবাড়ীতে শিশু ধর্ষণের ঘটনা টাকায় মীমাংসার চেষ্টা

ফুলবাড়ীতে শিশু ধর্ষণের ঘটনা টাকায় মীমাংসার চেষ্টা
×

 দিনাজপুর ও ফুলবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০৯:১২

| প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শিশুটি এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে নুরুল ইসলাম ওরফে দয়াল (৬৫) নামের এক ব্যক্তিকে। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবার নিয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন নুরুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা চাতালশ্রমিক এবং বাবা পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় ভিক্ষা করে সংসার চালান। তারা দিনের অধিকাংশ সময় বাড়িতে থাকেন না। এই সুযোগে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে একাধিকবার ধর্ষণ করেন নুরুল। সর্বশেষ ৫ ফেব্রুয়ারি তাঁকে ফুসলিয়ে গ্রামের পাশে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে বিষয়টি জানজানি হয়। পরে পারিবারিক এবং সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়। অভিযুক্ত নুরুল ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি ও মেরে ফেলার হুমকিও দেন। 

পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন জানান, ৬ মাস আগে নানির জন্য দোকানে পান আনতে যায় শিশুটি। পথে নুরুল ইসলাম তার মুখ চেপে ধরে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে হত্যার হুমকি দেন নুরুল। মাসখানেক আগে শিশুটির চেহারায় অস্বাভাবিকতা লক্ষ্য করে পরিবারের সদস্যরা। পরে পরীক্ষা করে দেখা যায়, শিশুটি অন্তঃসত্ত্বা। সপ্তাহখানেক আগে নুরুল স্থানীয় কয়েকজন লোক নিয়ে শিশুটির পরিবারের সঙ্গে আপস-মীমাংসার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মীমাংসার নাটক সাজিয়ে শিশুটির পরিবারকে দেড় লাখ টাকা দেনমোহর ও দুই শতক জমি লিখে দেওয়ার আশ্বাসে কথিত বিয়ে দেওয়া হয়। একইসঙ্গে বিয়ের কথা বলে একটি খাতায় শিশুটির স্বাক্ষর নেওয়া হয়। 

শিশুটির বাবা বলেন, ‘আমি অসুস্থ, চেয়েচিন্তে খাই, মান-সম্মানের ভয়ে এবং কয়েকজনের চাপাচাপিতে ওই লোকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছি। দেড় লাখ টাকা আর দুই শতক জমি দিতে চেয়েছে আমাদের। তবে টাকা এবং জমি কিছু পাই নাই। আমি নুরুলের শাস্তিসহ উপযুক্ত বিচার চাই।’
ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিব শাহ্ বলেন, শিশুটি বর্তমানে অন্তঃসত্ত্বা। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কিছু ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপস রফার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযুক্ত ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে  মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। যারা বেআইনিভাবে আপস-মীমাংসার সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 
 

আরও পড়ুন

×