মিয়ানমার থেকে ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনল বিজিবি
ছবি: সংগৃহীত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১৮:২৫
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার নাফ নদীর শূন্যরেখা দিয়ে তাদের জালিয়াপাড়ায় টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে নিয়ে আসা হয়। ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশি জেলে এবং একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) রয়েছেন।
বিজিবি সূত্র জানায়, ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অসতর্কতাবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে। পরে তাদের মিয়ানমারের অভ্যন্তরের বিভিন্ন স্থানে আটকে রাখা হয়। আটক জেলেদের উদ্ধারে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় শুরু করে। দীর্ঘ আলোচনা ও প্রচেষ্টার পর অবশেষে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। মানবিক বিষয় বিবেচনায় নিয়ে আমাদের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, ফিরিয়ে আনা জেলেদের পরিচয় যাচাই শেষে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে এখনো যেসব বাংলাদেশি জেলে মিয়ানমারে আটক রয়েছেন, তাদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
- বিষয় :
- মিয়ানমার
- আরাকান আর্মি
- বিজিবি
