ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বরিশালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

বরিশালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
×

ছবি: ফাইল

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ২২:১২

বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশু মারা গেছে। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে বরিশাল বিভাগে হাম আক্রান্ত ও উপসর্গে মোট ৩১ শিশু মারা গেল। 

গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে মৃত্যু হওয়া দুই শিশু হলো- পটুয়াখালী সদরের বাদারা এলাকার বাসিন্দা মো. আব্বাসের ১০ মাস বয়সী ছেলে মোহাম্মদ উল্লাহ ও ১ মে পটুয়াখালীর পাগলা এলাকার বাসিন্দা ইলিয়াসের ৭ মাস বয়সী মেয়ে আয়শা। জানা গেছে, অসুস্থ অবস্থায় মোহাম্মদ উল্লাহকে ৫ মে ও আয়েশাকে ১ মে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

শেবাচিমের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেছেন, হাম থেকে মারাত্মক ধরনের নিউমোনিয়া হওয়ায় চিকিৎসাধীন দুই শিশু শুক্রবার দিবাগত মধ্যরাতে মারা গেছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭৬৯ জন। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৭০ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেছেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হামের উপসর্গ পাওয়া গেছে ১০৮ জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১১১ জন। বিভাগে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৩ জন।

আরও পড়ুন

×