ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

শ্রমিক দল নেতার ঘরে বোমা নিক্ষেপ, মামলায় বিএনপি নেতাও আসামি

শ্রমিক দল নেতার ঘরে বোমা নিক্ষেপ, মামলায় বিএনপি নেতাও আসামি
×

ছবি-সংগৃহীত

বরিশাল ব্যুরো ও বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ০১:১৫

শ্রমিক দল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগে ঘটনার তিন ঘণ্টার মধ্যে থানায় মামলা হয়েছে। রহস্যময় মামলাটি হয়েছে গত শুক্রবার ভোর ৪টা ৩৫ মিনিটে বরিশালের বানারীপাড়া থানায়। 

জানা গেছে, মামলায় সাবেক এমপি মনিরুল ইসলাম মনি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বানারীপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাসহ ৪০ জন নামধারী এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। আসামির মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি সালেক মল্লিক শিমুলের নামও রয়েছে। 

মামলার বাদী মো. রাসেল বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। পেশায় তিনি অটোরিকশাচালক। ঘটনাস্থল সন্ধ্যা নদীর পশ্চিম পাড় বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রাম এবং বানারীপাড়া থানা নদীর পূর্ব পাড়ে। দুটির স্থানের দূরত্ব দুই কিলোমিটার।

এজাহারে বাদী উল্লেখ করেছেন, তাকে (রাসেল) সপরিবারে হত্যার উদ্দেশ্যে বাইশারী গ্রামে শুক্রবার রাত ১২টা ৫৫ মিনিটের দিকে আসামিরা বোমা বিস্ফোরণ ঘটায়। এতে তাঁর ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বানারীপাড়া স্টেশনের টিম লিডার মো. আনোয়ার হোসেন বলেন, শুক্রবার মধ্যরাতে গরদ্বার গ্রামে বোমা থেকে অগ্নিকাণ্ডের খবর পান। তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নেওয়ার মধ্যে ফের খবর আসে আগুন নেভানো হয়েছে। তাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়নি। 

মামলার আাসামি আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম মনি বলেন, পুরো ঘটনাটি সাজানো। আওয়ামী লীগ নেতাকর্মীকে মিথ্যা মামলায় ফাঁসাতে বিএনপি নাটক মঞ্চস্থ করেছে।

এজাহারের অন্যতম আসামি উপজেলা বিএনপির সহসভাপতি সালেক মল্লিক শিমুল জানান, এ মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। বিভিন্ন মাধ্যমে শুনেছেন তাঁকে আসামি করা হয়েছে। বাদী রাসেলকেও তিনি চেনেন না।

আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে বিএনপির দায়িত্বশীল নেতাকে আসামি করার বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিঞা বলেন, ‘আমি এ বিষয়ে মন্তব্য করব না। ঘটনাটি আমি আজ (রোববার) জেনেছি।’ বাদী রাসেলকে চেনেন কিনা– এ প্রশ্নে তিনি বলেন, ‘দেখলে হয়তো চিনব, কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি না।’ 

বাদী মো. রাসেলের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে পারেনি সমকাল।

মামলার তদন্ত কর্মকর্তা মো. একরামুল হক জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে বোমা বিস্ফোরণের আলামত পেয়েছেন। বানারীপাড়া থানার ওসি মো. মজিবর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আবদুল্লাহ ফকির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আরও পড়ুন

×