রোহিঙ্গা শিশুদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ
রোববার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি-সমকাল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬ | ২২:২৯
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, রোহিঙ্গা শিশুদের জন্য নিরাপদ, মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো শিশুই শিক্ষার বাইরে না থাকে।
রোববার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন লার্নিং সেন্টার পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি ইউনিসেফ ও ব্র্যাক পরিচালিত তিনটি লার্নিং সেন্টার ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষাজীবনের নানা অভিজ্ঞতার কথা শোনেন। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
লার্নিং সেন্টারের শিক্ষকরা শিক্ষাদান কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষাসামগ্রীর ঘাটতি ও প্রশিক্ষণসংক্রান্ত চ্যালেঞ্জের বিষয়গুলো প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।
ববি হাজ্জাজ বলেন, প্রতিটি শিশুরই স্বপ্ন দেখার অধিকার রয়েছে। মানবিক সংকটের মধ্যেও শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি একটি প্রজন্মকে সহিংসতা, হতাশা ও অনিশ্চিত ভবিষ্যৎ থেকে দূরে রাখার কার্যকর উপায়।
লার্নিং সেন্টারগুলোতে মিয়ানমার কারিকুলাম অনুসরণ করে মিয়ানমার, ইংলিশ, ম্যাথ, জিওগ্রাফি, হিস্ট্রি, সাইন্স এই ৬টি বিষয়ে গ্রেড ১২ পর্যন্ত পড়ানো হয়।
পরিদর্শনকালে ইউনিসেফের চিফ অব এডুকেশন দীপা সরকার, এডুকেশন ম্যানেজার লুইজ লিক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা এবং ব্র্যাকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কক্সবাজার সদরের লিডারশিপ ট্রেনিং সেন্টারে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত প্রকল্প ব্যবস্থাপনা ও অ্যাডভান্সড আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
- বিষয় :
- কক্সবাজার
- রোহিঙ্গা
- শিক্ষা
- প্রতিমন্ত্রী
- ববি হাজ্জাজ
