ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নিজেদের জ্বালানি থাকতে কেন বিদেশ থেকে আমদানি করব, প্রশ্ন জ্বালানিমন্ত্রীর

নিজেদের জ্বালানি থাকতে কেন বিদেশ থেকে আমদানি করব, প্রশ্ন জ্বালানিমন্ত্রীর
×

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৮:২৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ‘দেশে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই সম্পদের মালিক জনগণ। জনগণের কল্যাণে সেই সম্পদ কাজে লাগাতে হবে। নিজেদের জ্বালানি থাকতে আমরা কেন বিদেশ থেকে আমদানি করব? ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে দেশের খনিজ সম্পদকে অবহেলা করে বিদেশ থেকে আমদানি করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন, আমরা জনগণের সরকার। কীভাবে সবাইকে সন্তুষ্ট করে, সবাইকে একত্র করে আমরা নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি, সে জন্য আমরা বসেছিলাম।’

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে ‘কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির’ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা এ বিষয়ে আলোচনা করেছি। একটি সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রর তিনটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন কেন সম্ভব হচ্ছে না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে এটি হয়েছে। বর্তমান সরকার তিন ইউনিটই সচল রেখে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছে।

পরে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মধ্যপাড়া পাথর খনি ও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এছাড়াও এমপি জাহাঙ্গীর আলম, এমপি সাদিক রিয়াজ, এমপি এজেডএম রেজওয়ানুল হক, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শাহ আলম, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×