ইউএনও-ওসিকে বিএনপি নেতার হুমকি
‘আমাদেরটা স্বরাষ্ট্রমন্ত্রী, কথা না শুনলে গাট্টি বেঁধে রাখো’
এনামুল হক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬ | ২২:৫৩
কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বিরুদ্ধে। গত রোববার রাতে দলীয় এক অনুষ্ঠানে তিনি এই হুমকি দেন। আজ মঙ্গলবার তাঁর বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ওসি ও ইউএনওকে উদ্দেশ করে বলেন, ‘ওসি, তুই যদি আমার কথা না শুনিস কাপড়চোপড় বেঁধে রাখতে হবে। একইভাবে ইউএনও অফিসের কোনো কর্মকর্তা যদি আমাদের কথা না শোনে, তাহলে রাতে গাট্টি (কাপড়চোপড়) বেঁধে রাখার চেষ্টা করো।’
তিনি আরও বলেন, ‘চকরিয়া থানা সবকিছু দেবে না, চকরিয়া থানা থেকে সবকিছু আমাদের আদায় করতে হবে। আমাদেরটা স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদেরটা কয়লামন্ত্রী না, পানিমন্ত্রী না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছি।’
এনামুল হক তাঁর বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আরও বড় বড় কর্মকর্তা যারা আছে, অফিসার-পিয়ন (কর্মকর্তা) আছে, আলটিমেটাম দেবেন, এই কাজটা করে দিবি। ১৫ দিন সময় দেবেন। এর ভেতর যদি না করিস, মসজিদ থেকে খাটিয়া আনব, তোকে ওখানে শুয়াব। তার পর হয় আমিরাবাদ, না হয় কক্সবাজার পাঠিয়ে দেব। তোর আর থাকতে হবে না। এই হচ্ছে আমাদের করণীয়।’
এ সময় অবৈধভাবে মাছের ঘেরে যেতে সবাইকে নিষেধ করেন বিএনপির এ নেতা। তবে, বৈধভাবে সবাইকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজি, পৌর বিএনপির সহসভাপতি গিয়াস উদ্দিন, নুরুল আমিন কাউন্সিলর, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, আবুল হাসেমসহ চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা।
বিষয়টি জানার জন্য এনামুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের এলাকা হোম মিনিস্টারের এলাকা। জনগণই তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। তাই কোনো বৈধ কাজ যদি তারা করে না দেন, তাহলে ইউএনও-ওসির এমন পরিণতির কথা বলেছি।’
