ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিরল চর্মরোগে আক্রান্ত সিয়াম বাঁচতে চান

বিরল চর্মরোগে আক্রান্ত সিয়াম বাঁচতে চান
×

ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬ | ২২:৫৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দারোয়ান হিসেবে কর্মরত নুর ইসলামের ছোট ছেলে তৌহিদুল ইসলাম সিয়াম (১৭) বিরল এক চর্মরোগে আক্রান্ত। অর্থাভাবে হাসপাতালের পরিবর্তে নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে তার। সারা গায়ে ফোসকা পড়ায় নড়াচড়া করা ও ঠিকমতো খাবার খেতে পারছেন না অসুস্থ সিয়াম। 

জানা গেছে, গত মাত্র এক মাস আগে শরীরে ছোট একটি চুলকানির সমস্যা হয়। পরবর্তীতে চিকিৎসা করালেও তার অবস্থার অবনতি হয়। বর্তমানে এটি অজানা চর্মরোগে রূপ নিয়েছে। সারা শরীরে ফোস্কা পড়ে পচন ধরেছে। তবে এখনো রোগটির সুনির্দিষ্ট কারণ কিংবা নাম শনাক্ত হয়নি।

স্বল্প আয়ে যেখানে পরিবারের ভরণপোষণ চালানো কষ্টকর, সেখানে অজানা রোগে আক্রান্ত ছেলের চিকিৎসার ব্যয় বহন করা দুঃসাধ্য। ফলে অর্থসংকটে বন্ধ হয়ে আছে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসা।

সিয়ামের মা শাহিনা বেগম ছেলের জীবন বাঁচাতে সমাজের সহানুভূতিশীল মানুষের কাছে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আজ ২৪ দিন ধরে আমার ছেলে এ অবস্থায় পড়ে আছে। সারা শরীরে ফোস্কা পড়ে পচে গেছে। শুরুতে কয়েকটি ফোস্কা ছিল, পরে ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। সপ্তম দিনে হাসপাতালে নিয়েছিলাম।’

তিনি আরও বলেন,  ‘হাসপাতালে ৬ দিন ভর্তি ছিল। প্রতিদিন সিট ভাড়া ছিল ৩ হাজার টাকা। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে যাওয়ার পর চুলকানি আরও বেড়ে যায়। তাই বাড়িতে নিয়ে এসেছি। এখন টাকার অভাবে কোনো পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছি না। আমার কিছুই নেই। সবার সন্তানের জন্য আমি দোয়া করি, আপনারা আমার সন্তানকে বাঁচাতে সাহায্য করুন।’ 

সিয়ামের বাবা নুর ইসলাম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি বলেন, ‘চোখের সামনে ছেলেটার কষ্ট দেখতে পারছি না। আমাদের আর্থিক অভাবের কারণে চিকিৎসাটা করাতে পারছি না। ডাক্তার বলেছেন, দ্রুত উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা না গেলে সিয়ামের অবস্থা আরও খারাপ হবে। আমি সকলের কাছে সাহায্য চাই।’ 

সহযোগিতা করতে সিয়ামের ভাই কাউসারের বিকাশ নাম্বারে অর্থ পাঠাতে পারেন। বিকাশ নাম্বার: 01878642841

আরও পড়ুন

×