ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

আসামিকে রাস্তা থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা

আসামিকে রাস্তা থেকে ধরে  নিয়ে কুপিয়ে হত্যা
×

 বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৮:১৬

| প্রিন্ট সংস্করণ

কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি আব্দুল লতিফ ভূঁইয়াকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। 

নিহত আব্দুল লতিফ ভূঁইয়া মানিককান্দি গ্রামের মৃত ধনু ভূঁইয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 
জানা গেছে, মানিককান্দি গ্রামের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা পক্ষের সঙ্গে একই এলাকার সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের লোকজনের বিরোধ চলে আসছিল। এর জেরে ২০২২ সালের ৬ ডিসেম্বর আবুল হোসেন মোল্লার ছেলে ও ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ওই হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল লতিফ ভূঁইয়া। গত বৃহস্পতিবার জামিনে কারামুক্ত হয়ে এলাকায় ফেরেন তিনি। গত সোমবার রাতে মানিককান্দি চকেরহাটিতে চা খেয়ে বাড়িতে ফেরার পথে মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে পৌঁছালে কয়েকজন লোক তাঁকে ধরে পাশের একটি গ্যারেজে নিয়ে যায়। সেখানে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে এবং পায়ের রগ কেটে পালিয়ে যায়। খবর পেয়ে আহত অবস্থায় লতিফকে উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁর পাশ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।  রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত আব্দুল লতিফ ভূঁইয়ার বড় বোন শিউলি আক্তার বলেন, তিন রাস্তার মোড়ে একটি গ্যারেজে সাইফুল মেম্বার, মুকিত মেম্বার ও শাহজালাল বসা ছিলেন। তাদের সামনে থেকে তাঁর ভাইকে ধরে নিয়ে কোপাতে থাকে কয়েকজন লোক। 

সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, ‘আমি ৫ আগস্টের পর থেকে গ্রামে যাই না। আর এই বিষয়ে আমি কিছুই জানি না। মানুষের কাছ থেকে শুনেছি।’ তাঁর দাবি, তাঁর ছেলে জুয়েল মোল্লা ও নাতি হান্নান জেলে। বড় ছেলে বাদল মোল্লা তাঁর স্ত্রীকে নিয়ে হজ করতে গেছেন। বাদল মোল্লার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি ও আমার স্ত্রী গত মাসের ২৫ তারিখে হজ করতে এসেছি। রাতে আমার চাচাতো ভাই জাহাঙ্গীর ফোন করে জানায় লতিফ তাঁকে গুলি করেছে। 
তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, দুটি টহল টিমকে ঘটনাস্থলে পাঠালে তারা লতিফকে আহত অবস্থায় উদ্ধার করে। তাঁর পাশ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন

×