সালিশে এসে হত্যা মামলায় গ্রেপ্তার মহিলা আ.লীগ নেত্রী
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ০৮:০০
| প্রিন্ট সংস্করণ
সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে এসে গ্রেপ্তার হয়েছেন হত্যা মামলার আসামি পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা বেগম। গত মঙ্গলবার রাতে সৈয়দপুর থানার গোল চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার রাতে স্থানীয় এক ব্যক্তির পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য থানায় সালিশি বৈঠকে অংশ নিতে যান কাজী জাহানারা বেগম। এ সময় সেখানে উপস্থিত জাতীয়তাবাদী মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরে তিনি থানা ত্যাগের চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে।
গ্রেপ্তারের পর পুলিশ সদস্যরা তাঁকে গাড়িতে তোলার সময় তিনি ‘জয় বাংলা’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগান দেন। এতে থানায় উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে রাতেই তাঁর সমর্থকরা থানার সামনে জড়ো হতে শুরু করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ এলাকার কৃষক সিদ্দিক আলী হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সিদ্দিক আলী রামগঞ্জহাটে কেনাকাটা করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার মধ্যে পড়ে যান। এ সময় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে বহনকারী গাড়িচাপায় তিনি নিহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় এ ঘটনায় মামলা করতে দেওয়া হয়নি। পরে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নিহতের ছেলে লিটন রহমান বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ ২০২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও এক হাজার থেকে এক হাজার ২০০ জনকে আসামি করা হয়।
থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ‘একটি হত্যা মামলায় কাজী জাহানারাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়।’ সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, ‘সিদ্দিক আলী হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।’
- বিষয় :
- গ্রেপ্তার
