মমেক হাসপাতালে হামে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪ জন
ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১৩:৪৮
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জন রোগী হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ১০২ জন হামে আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামমুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। তবে বুধবার রাতে গাজীপুরের শ্রীপুর থেকে আসা ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। গত ৫ মে হাসপাতালে ভর্তি হওয়া ওই শিশুটি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরসহ হামে আক্রান্ত ছিল।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৮৩ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘হামে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখছি।’
- বিষয় :
- হাম
- হামের উপসর্গ
- মৃত্যু
- শিশু
