ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিরাজগঞ্জে জ্বালানিমন্ত্রী

সব বয়সীর জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে

সব বয়সীর জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে
×

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ২১:২৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শিশু থেকে তরুণ– সব বয়সীর জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। খেলাধুলার চর্চা বাড়লে তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকবে এবং সুস্থ সামাজিক আন্দোলন গড়ে উঠবে।

শুক্রবার সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নিজের শৈশবের স্মৃতিচারণ করে জ্বালানিমন্ত্রী বলেন, আমাদের সময় খেলার মাঠ ছিল, সারা বছর খেলাধুলা হতো। খেলাধুলার মধ্যেই সময় কাটত বলে আমরা মাদক থেকে দূরে থাকতে পেরেছি। এখন সেই মাঠ কমে গেছে। কোথাও গবাদি পশু চরানো হচ্ছে, কোথাও অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে সমাজ ধীরে ধীরে নেশার দিকে ঝুঁকে পড়ছে।

তিনি আরও বলেন, একটি প্রজন্ম ইতোমধ্যে মাদকের ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে শিশুদের ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শুধু শরীর গঠন করে না, এটি শৃঙ্খলা, মানবিকতা ও সামাজিক সচেতনতা তৈরি করে। তরুণদের মাদকবিরোধী মানসিকতা গড়ে তুলতেও এর বিকল্প নেই।

ইকবাল হাসান বলেন, সরকার মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কাজ করছে। তরুণদের সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনতে খেলাধুলা ও শরীর চর্চাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

আরও পড়ুন

×