ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ

সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ
×

ফাইল ছবি

দে‌বিদ্বার (কু‌মিল্লা) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ২১:৪২

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ উঠেছে। গত ৪ মে অর্ধশতাধিক রোগীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয় ব‌লে জানিয়েছেন একাধিক রোগী। এ ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

শুক্রবার একাধিক রোগী অভিযোগ করেন, হাসপাতালের ফার্মেসি থেকে তাদের এমন ওষুধ সরবরাহ করা হয়েছে, যার মেয়াদ কয়েক মাস আগেই শেষ হয়ে গেছে। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, গত ৪ মে শফিকুল ইসলাম নামে এক রোগী উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা নিতে যান। পরে ২০৩ নম্বর কক্ষের দায়িত্বরত চিকিৎসক ব্যবস্থাপত্রে তাঁকে ‘অ্যামডোক্যাল’ ট্যাবলেট লিখে দেন। ব্যবস্থাপত্র নিয়ে হাসপাতালের ফার্মেসিতে গেলে তাঁকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মেয়াদোত্তীর্ণ ‘অ্যামডোক্যাল’ ট্যাবলেট দেওয়া হয়।

ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, ‘উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসক ওষুধ লিখে দিলে কমপ্লেক্সের ফার্মেসি থেকে তা নিয়ে আসি। ওষুধ খাওয়ার চার দিন পর দেখি ওষুধের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে। একটি সরকারি হাসপাতালে এভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া খুবই উদ্বেগজনক।’ তিনি বলেন, একই ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ ওইদিন অর্ধশতাধিক রোগীকে দেওয়া হয়।

একই অভিযোগ করেন দেবিদ্বার পৌর এলাকার মাছুয়াবাদ ডোন এলাকার ট্রাক্টর চালক বিল্লাল হোসেন। তিনি জানান, তাঁর নিয়মিত রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খেতে হয়। ওষুধের গায়ে মেয়াদ আছে কিনা তা দেখেননি, ওষুধ খাওয়ার পর দেখেন শরীর আরও খারাপ হয় যায়। পরে হাসপাতালে ওষুধগুলো নিয়ে গেলে জানতে পারেন মেয়াদ নাকি তিন মাস আগেই শেষ। এমন ওষুধ কেন দিলেন তারা? তাদের ভুলের কারণে তো তাঁর মৃত্যু হতে পারত।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. কবির হোসেন বলেন, কমপ্লেক্সের স্টোর থেকে ওষুধ নামানোর আগে চেক দেওয়া হয়, তারপরও ভুল হয়ে যেতে পারে। কেন এমন হয়েছে স্টোরকিপার ও ফার্মেসিতে আলাপ করে জানতে হবে।

তিনি বলেন, ‘মেডিকেল এরর (চিকিৎসাজনিত ত্রুটি) সারা পৃথিবীতে এগুলো কমবেশি হয়ে থাকে। আমরা ফেরেশতা হলে ভুল হতো না, আমরা মানুষ, মানুষের ক্ষেত্রে ভুল হতে পারে।’

আরও পড়ুন

×