সৌদি থেকে প্রবাসীর লাশ এলো বাড়িতে
সন্তানের লাশ দেখে মনোয়ারা খাতুনের আহাজারি। বৃহস্পতিবার পাকুন্দিয়ার কাগারচরে সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৭:৫১
| প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এক সৌদি প্রবাসীর মরদেহ দেশে এসেছে সরকারি উদ্যোগে। তবে এ বিষয়ে কিছুই জানে না স্থানীয় প্রশাসন। পরিবার বলছে, গণঅধিকার পরিষদের স্থানীয় এক নেতার উদ্যোগে এবং প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
মৃত প্রবাসীর নাম আব্দুল জব্বার নূর মোহাম্মদ (৪০)। তিনি বুরুদিয়া ইউনিয়নের কাগারচর গ্রামের আব্দুল বাতেনের ছেলে। ২০০৫ সালে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান। সেখানে আল জাহারান নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। বিবাহিত হলেও তাঁর কোনো সন্তান ছিল না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন নূর মোহাম্মদ।
স্বজনরা জানান, সৌদিতে কঠোর পরিশ্রম করে মাসে মাসে বাড়িতে টাকা পাঠাতেন তিনি। সবসময় পরিবারের সচ্ছলতার স্বপ্ন দেখতেন। তাঁর বাবা আব্দুল বাতেন বলেন, ‘ছেলে বলত, আর কিছুদিন কষ্ট করে টাকা জমিয়ে দেশে চলে আসবে। সবাইকে নিয়ে ভালোভাবে থাকবে। কিন্তু সেই ছেলে লাশ হয়ে ফিরল।’
পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের ১০ আগস্ট অসুস্থ হয়ে পড়েন নূর মোহাম্মদ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২০ এপ্রিল সেখানেই মারা যান। এরপর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়। গত বৃহস্পতিবার বিকেলে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছায়। এ সময় বাবা-মা, স্ত্রী নূপুর আক্তারসহ পরিবারের সদস্যরা বিলাপ করে কাঁদতে থাকেন। এক পর্যায়ে বারবার মূর্ছা যান স্ত্রী নূপুর আক্তার। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, ‘সৌদি আরবে মারা যাওয়া কোনো ব্যক্তির মরদেহ এলাকায় এনে দাফনের বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে কোনো তথ্য নেই। কেউ আমাদের অবহিতও করেনি।’
- বিষয় :
- লাশ
